২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা জঙ্গি দলের শীর্ষনেতা আটক

কক্সবাজারের একটি মাদ্রাসা থেকে রোহিঙ্গা জঙ্গি সংগঠনের এক শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 02:12 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

আটক হাফেজ সালা উল ইসলাম (৪০) রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সামরিক বিভাগের সমন্বয়কারী বলে পুলিশ জানিয়েছে।

বাংলাদেশে শরণার্থী হিসেবে থাকা রোহিঙ্গাদের অনেকে জঙ্গি তৎপরতায় জড়িত বলে সরকারের পক্ষ থেকে বলা হয়ে আসছে। 

সালা উল মিয়ানমারের মংডু শহরের মৃত নেজাম উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা দারুস সুন্না মাদ্রাসা থেকে তাকে আটক করা হয় বলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সালা উলের বিরুদ্ধে গতবছরের ২৯ সেপ্টেম্বর রামুতে বৌদ্ধবিহার ও বসতিতে হামলা এবং এবছর ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরে জামায়াত-শিবিরের তাণ্ডবে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ওই দুটি ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।

এছাড়াও আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের সঙ্গেও এই রোহিঙ্গার যোগাযোগ রয়েছে বলে জানান তিনি।

টেকনাফ থানার পরিদর্শক মোহাম্মদ ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হ্নীলা মাদ্রাসায় গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালিয়ে সালা উলকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর রামুর বৌদ্ধবিহার ও বসতিতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় জঙ্গি সংগঠন আরএসও জড়িত।

এছাড়া ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরে জামায়াত-শিবিরের তাণ্ডবে আরএসও’র প্রশিক্ষিত জঙ্গিরা অংশ নেয় বলেও পুলিশের দাবি।

হাফেজ সালা উল ইসলামের বিরুদ্ধে দুটি ঘটনায় অর্থ যোগান দেয়ার ও রোহিঙ্গাদের ব্যবহার করার অভিযোগ রয়েছে।

গোয়েন্দা সূত্র জানায়, ১৯৭৮ সালে বাংলাদেশে অনুপ্রবেশ করে মিয়ানমারের বিদ্রোহী জঙ্গি আরএসও’র সঙ্গে জড়িত হন সালা উল ইসলাম। লিবিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে তার সম্পর্ক রয়েছে।

আরএসও’র অর্থে পরিচালিত কক্সবাজার সদরের ঝিলংজার মহুরি পাড়ার ‘ইমাম মুসলিম ইসলামিক সেন্টার’ নামে একটি মাদ্রাসার পরিচালক সালা উল।