রাবিতে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের চারজন আহত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের চার নেতাকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পুরাতন ফোকলোর চত্বরে তারা হামলার শিকার হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
আহতরা হলেন- রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমবিএ’র মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র কামরুল ইসলাম, ছাত্রদলকর্মী আরবি সাহিত্য বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র পারভেজ বিশ্বাস, একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রাহাত আহমেদ এবং সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাসুদ রানা।
তাদের প্রথমে বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়, পরে পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. লুৎফর রহমান জানান, আহতদের মধ্যে পারভেজ বিশ্বাসের অবস্থা গুরুতর। অন্যদের আঘাত সামান্য।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, চা দিতে দেরি করায় ওই ছাত্রদল নেতা-কর্মীরা নির্মলের চায়ের দোকানের একটি বেঞ্চে আগুন ধরিয়ে দেয়।
বিষয়টি চায়ের দোকানদার নির্মল মোবাইল ফোনে ছাত্রলীগ কর্মীদের জানালে ১০/১২ জন ছাত্রলীগ নেতাকর্মী সেখানে যায়।
কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্রদলের চার নেতাকর্মীকে এলোপাতাড়ি পেটায় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে জানান রাবি ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রদলের চার নেতাকর্মী দোকানে বসে চা খাচ্ছিল। কোনো কারণ ছাড়াই ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী জুয়েল ও সৈয়দ আমীর আলী হল শাখা সাধারণ সম্পাদক আনিস দলবল নিয়ে গিয়ে তাদের কুপিয়ে জখম করে।”
এই বিষয়ে ছাত্রলীগের রাবি শাখার সভাপতি আহমেদ আলী বলেন, “এটি রাজনৈতিক কোনো বিষয় নয়। চায়ের দোকানদারের সঙ্গে বিরোধের জের ধরে নিজেদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।”
মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তিনি বলেন, চায়ের দোকানের একটি বেঞ্চ পোড়ানো নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ছাত্রদের দুই পক্ষের মারামারি হয়।
এদিকে, দুপুর ১টার দিকে আহত চার ছাত্রদল নেতাকর্মীকে হাসপাতালে দেখতে যান বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, দলের কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলসহ মহানগর বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।
