২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সময়ের’ সহায়তায় বিটিভির সম্প্রচার

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের শেষ শ্রদ্ধার অনুষ্ঠানটি সম্প্রচারে অন্যের সহায়তা নিতে হয়েছে রাষ্ট্রায়াত্ত একমাত্র টেলিভিশন চ্যানেল বিটিভিকে।

আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 12:39 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

বঙ্গভবনে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানটি কেন নিজস্ব উদ্যোগে সম্প্রচার করা হয়নি, সেই বিষয়ে স্পষ্ট উত্তর পাওয়া যায়নি বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তাদের কাছ থেকে।

তবে যাদের সহযোগিতায় বিটিভিতে অনুষ্ঠানটি দেখা গেছে, সেই সময় টেলিভিশনের কর্মকর্তাদের ধারণা, বিটিভির পরিকল্পনায় ঘাটতি ছিল।

রাষ্ট্রপতি জিল্লুর রহমান বুধবার সিঙ্গাপুরে মারা যান। বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ দেশে আনার পর নেয়া হয় বঙ্গভবনে, সেখানেই তার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ।

শ্রদ্ধা জানানোর এই অনুষ্ঠানটি দেখতে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশনের পর্দায় চোখ রেখে দর্শকরা দেখেছেন সময় টেলিভিশনের লোগো।

এই বিষয়ে সময় টেলিভিশনের বার্তাপ্রধান তুষার আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিটিভি এর আগেও সময় টেলিভিশনের সহযোগিতা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেছে।”

বিটিভির সরাসরি সম্প্রচার না করতে পারার কারণ কী বলে মনে করেন- জানতে চাইলে তিনি বলেন, “আমার মনে হয়, এ ক্ষেত্রে তাদের (বিটিভির) হয়ত পরিকল্পনার অভাব ছিল। তারা হয়ত চিন্তা করেনি যে এভাবে বঙ্গভবনের ভেতরে ঢুকে কোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা যায়।”

এই মাসের শুরুতেই ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে মুক্তিযুদ্ধ সম্মাননা প্রদান অনুষ্ঠানটি বঙ্গভবন থেকে সরাসরি সম্প্রচার করেছিল বিটিভি। 

রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার না করার কারণ জানতে বিটিভির মহাপরিচালক ম হামিদের মোবাইল ফোনে ভিন্ন ভিন্ন নম্বর থেকে বেশ কয়েকবার কল করা হলেও তিনি তা ধরেননি।

এরপর এসএমএস পাঠিয়ে বিষয়টি তার দৃষ্টিতে আনার চেষ্টা করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বিটিভির মহাপরিচালক ম হামিদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। তবে তিনি এখনো তার দায়িত্ব হস্তান্তর করেননি।

এরপর এনিয়ে বিটিভির প্রধান বার্তা সম্পাদক গোপাল চন্দ্র দেবকে টেলিফোন করা হলে তিনি মহাব্যবস্থাপক শফিক উদ্দিন শিকদার এবং উপমহাপরিচালক (প্রোগ্রাম) এম মনিরুল ইসলামের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

শফিক উদ্দিন শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে সিদ্ধান্ত নিতে গতকাল রাতে একটু দেরি হয়ে গিয়েছিল। আমি বিস্তারিত জানি না।”

বিস্তারিত কার কাছ থেকে জানা যাবে- এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এ বিষয়ে ডিডিজি (ডেপুটি ডিরেক্টর জেনারেল) প্রোগ্রামের সাথে কথা বলা যেতে পারে।”

মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ বিষয়ে সিদ্ধান্ত নিতে একটু দেরি হয়েছিল মনে হয়।”

তবে সকালে বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় সরাসরি সম্প্রচার করা হয় বলে জানান তিনি।

বঙ্গভবনের অনুষ্ঠানের বিষয়ে তিনি মহাব্যবস্থাপকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন, যার সঙ্গে আগেই কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এবং যিনি উপমহাপরিচালক মনিরুলের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছিলেন।