রাষ্ট্রপতির মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
মো. জিল্লুর রহমান, দেশের ১৯তম রাষ্ট্রপতি ছিলেন তিনি।
“রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর খবরে আমরা ব্যথিত। ছাত্রাবস্থায় থেকেই রাজনৈতিক কর্মী হিসেবে রাষ্ট্রপতি রহমান তার জীবন বাংলাদেশের জনগণের জন্য উৎসর্গ করেছেন।”
শোকবার্তায় বলা হয়, ১৯৭১ সালে দেশের স্বাধীনতা অর্জনে জিল্লুর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বর্তমানের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনেও তিনি অসামান্য অবদান রাখেন।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান ৮৪ বছর বয়সী মো. জিল্লুর রহমান।
২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেন তিনি।
তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
