বিশ্বজিৎ হত্যা: অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন
বিশ্বজিৎ হত্যা মামলায় ২১ জনকে আসামি করে পুলিশ যে অভিযোগপত্র দিয়েছে, তা বাতিলের আবেদন করেছেন এক আইনজীবী।
অভিযোগপত্র গ্রহণের ধার্য দিন বুধবার মাহবুবুল আলম দুলাল নামের এই আইনজীবী ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এই নারাজি আবেদন করেন।
তার এই আবেদন ও অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে আগামী ২ এপ্রিল শুনানির দিন রেখেছেন ঢাকার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান।
গত ৯ ডিসেম্বর বিরোধীদলের অবরোধের সময় পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের কাছে দরজি দোকানি বিশ্বজিতকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
এরপর সূত্রাপুর থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এর প্রায় তিন মাস পর গত ৫ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১ ছাত্রলীগ কর্মীকে আসামি করে ওই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ।
এছাড়া আইনজীবী মাহবুবুল আলম দুলাল গত ১৩ ডিসেম্বর বিশ্বজিৎ হত্যার ঘটনায় আদালতে একটি নালিশি মামলা করেন।
নারাজি আবেদন জমা দিয়ে তিনি আদালতকে বলেন, সূত্রাপুর ও তার দায়ের করা মামলা দুটি একসঙ্গে তদন্ত করার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্ত তদন্ত কর্মকর্তা নালিশি মামলাটির তদন্ত না করেই অভিযোগপত্র দাখিল করেন।
পুলিশের দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম অভিযোগপত্রে যে ২১ জনকে আসামি করেছেন, তাদের মধ্যে গ্রেপ্তার রয়েছেন সাতজন। বাকিরা পলাতক।
২১ আসামির সবাই ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কর্মী বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন তিনি।
অভিযোগপত্রে বলা হয়, ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২১ কর্মীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। মামলার চার আসামি ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, যাতে হত্যা রহস্য উন্মোচিত হয়েছে।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন- রফিকুল ইসলাম শাকিল, রাজন তালুকদার, ইউনুস আলী, কাইউম মিয়া টিপু, এইচ এম কিবরিয়া, ওবায়দুর কাদের তাহসিন, আজিজুর রহমান, আলাউদ্দিন, ইমরান হোসেন, মোস্তফা, মাহফুজুর রহমান নাহিদ, রাশেদুজ্জামান শাওন, মীর নূরে আলম লিমন, আল-আমিন, সাইফুল ইসলাম, রফিক, এমদাদুল হক, কামরুল, তমাল, পাভেল ও মোশাররফ।
এদের মধ্যে শাকিল, নাহিদ, এমদাদ, শাওন, কিবরিয়া, সাইফুল ও কাইয়ুমকে অভিযোগপত্রে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
