জামালপুরে আইনজীবীদের আদালত বর্জনের ঘোষণা
জামালপুর জজ আদালতের কর্মচারীর হাতে আইনজীবী লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার থেকে আদালত বর্জনের ঘোষণা দিয়েছে আইনজীবী সমিতি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ অভিযোগ করেন, বুধবার সকালে জজ আদালতের প্রধান ফটকে মোটরসাইকেল নিয়ে প্রবেশকে কেন্দ্র করে আদালতের জারিকারক এনামুল হকসহ কয়েকজন কর্মচারি আইনজীবী জামিল হাসান তাপসকে লাঞ্ছিত করেন।
এ ঘটনার পর উত্তপ্ত হয় আদালত চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পরে আইনজীবীরা সমিতির কার্যালয়ে বৈঠক শেষে জেলা জজের কাছে সাত দফা দাবি সম্বলিত এক স্মারকলিপি দেন আইনজীবীরা।
এতে ২৪ ঘণ্টার মধ্যে জারিকারক লিয়াকত হক ফারুক, পেশকার স্বপন, প্রসেস সার্ভার মনজুরুল ইসলাম, সেরেস্তাদার সরওয়ার হোসেনসহ ঘটনার সঙ্গে জড়িত ১০/১৫ জনকে চাকরি থেকে বরখাস্তসহ সাত দফা দাবি দেয়া হয়েছে।
দাবি পূরণ না হলে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জনের ঘোষণা দেন আইনজীবীরা।
