২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতার সংবাদ সংগ্রহকালে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 11:33 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত নোয়াখালী জেলা শহরের টাউন হলের মোড়ে চৌমুহনী প্রেসক্লাব এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকদের অভিযোগ, সারাদেশে একের পর এক সাংবাদিকদের ওপর হামলা হলেও প্রশাসন জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। তাই সাংবাদিক নির্যাতনের ঘটনাও বাড়ছে।

তারা রাজগঞ্জের হিন্দু বাড়ি ও মন্দিরে হামলার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে সাংবাদিকরা জেলা প্রশাসককে স্মারকলিপি দেন।

গত ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেয়াওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর রাজগঞ্জে দুর্বৃত্তরা হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে এসএ টিভির জেলা প্রতিনিধি আবদুর রহিম ও মোহনা টিভির জেলা প্রতিনিধি মোতাছিম বিল্লাহ সবুজের ওপর হামলা চালিয়ে তাদের ক্যামেরা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয় দুর্বত্তরা।