সিরাজগঞ্জে স্ত্রীর হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
কামারখন্দে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিরাজগঞ্জের একটি আদালত।
দণ্ডপ্রাপ্ত আব্দুল মোমিন (৩২) কামারখন্দ উপজেলার স্বল্প মাহমুদ গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌশলী সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মোমিন অন্তস্বত্ত্বা স্ত্রী স্বপ্না বেগম পরীকে রান্নার করার কথা বললে তিনি অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে মোমিন স্ত্রীকে তলপেটে লাথি মারলে ঘটনাস্থলেই পরীর মৃত্যু হয়।
পরে স্থানীয়রা মোমিনকে আটক করে পুলিশে সোর্পদ করে। এ ঘটনায় নিহতের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
আইনজীবী জানান, আদালত মোমিনকে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছে।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন গোলাম হায়দার।
