যুদ্ধাপরাধীদের ফাঁসি দেখার অপেক্ষায় ছিলেন ইমরান
যুদ্ধাপরাধীদের দণ্ড কার্যকর দেখে যাওয়ার ইচ্ছা ছিল ইমরান হোসেনের, কিন্তু তার আগেই রাজনৈতিক সংঘাতে প্রাণ হারাতে হল তাকে।
মঙ্গলবার হরতালের সময় টাঙ্গাইলের গোপালপুরে বিএনপিকর্মীদের সঙ্গে সংঘর্ষে নিহত হন ছাত্রলীগ নেতা ইমরান (২৫)। ওই হরতাল ডাকায় যুদ্ধাপরাধে অভিযুক্ত দল জামায়াতে ইসলামীও ছিল।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগের আন্দোলনের প্রেরণায় ইমরান গোপালপুরে গণজাগরণ মঞ্চ গড়ে তুলেছিলেন বলে জানান তার বন্ধুরা।
ইমরানের বাল্যবন্ধু একই এলাকার হাফিজ আল আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুদ্ধাপারাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরু হওয়ার পর থেকেই সে এতে সক্রিয় ভাবে অংশ নেয়।
“ঢাকা কলেজে লেখাপড়া করলেও এলাকায় এসে তরুণদের যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে উদ্বুদ্ধ করা শুরু করে। তার চেষ্টায় গোপালপুর থানার পাশে নির্মিত হয় গণজাগরণ মঞ্চ।”
মাত্র চার দিন আগে ১২ মার্চ ইমরানের বন্ধুরা ফেইসবুকে ট্যাগ করেছিল আরেকটি ছবি- তাতে লেখা ‘অপেক্ষা ফাঁসির জন্যে…অপেক্ষা।”
ইমরানের মৃত্যুর পর ফেইসবুক বন্ধু আরিফুর রহমান কবির লিখেছেন, “এই অসাধারণ মানুষটিকে বিএনপি-জামায়াত কুপিয়ে হত্যা করেছে। আমরা জানতে চাই, ছাত্রলীগের রাজনীতি করা বা গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা হওয়ার জন্য তার এই মৃত্যু কি না?”
ইমরানের আরেক বন্ধু লিখেছেন, “কোনোদিন ও ভাবি নাই তোর জন্য কাঁদতে হবে। তোর মত ছেলেকে কেউ মারবে, এইটা হইতে পারে না... হায়রে রাজনীতি!”
ইমরানের বিষয়ে গণজাগরণ মঞ্চের সংগঠকদের অন্যতম বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শুনেছি, সে গণজাগরণ মঞ্চের কর্মী ছিল। এ বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি।”
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক নেতাকর্মীদের মুক্তি দাবিতে ১৮ দলীয় জোট সোমবার থেকে দুই দিনের হরতাল ডাকে।
হরতালের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে গোপালপুরের কোনাবাড়ীতে এ সংঘর্ষে নিহত হন গোপালপুর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান।
গোপালপুর থানার ওসি মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৬টার দিকে বিএনপি নেতাকর্মীরা হরতালের সমর্থনে কোনাবাড়ীতে সড়ক অবরোধ করলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়।
“কিছুক্ষণ পরে বিএনপিকর্মীরা সংগঠিত হয়ে এসে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।”
ওই সময় রামদার কোপে গুরুতর জখম হন ইমরান। প্রথমে তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
