চট্টগ্রামে হরতালবিরোধী মিছিল
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালের দ্বিতীয় দিনে চট্টগ্রামে রাজপথে সরব ছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।
এর পাশাপাশি আওয়ামী লীগের সহযোগী বিভিন্ন সংগঠন এবং সর্বদলীয় সামাজিক প্রতিরোধ কমিটিও মঙ্গলবার হরতালবিরোধী সমাবেশ করে।
চেরাগী মোড়, দারুল ফজল মার্কেট চত্বর, অলংকার চত্বর, দেওয়ানহাট চত্বরসহ বিভিন্ন এলাকায় এসব সমাবেশ হয়।
দারুল ফজল মার্কেট চত্বরে ১৪ দলের সমাবেশে সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন যোগ দেন।
তিনি বলেন, “খালেদা জিয়া চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাননি। তিনি সেখান গিয়ে উৎকোচ নিয়ে দেশে ফিরেছেন। আর এ উৎকোচ নিয়ে বিরোধীদলীয় নেতা ধ্বংসযজ্ঞের মাধ্যমে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ও যুদ্ধাপরাধীদের মুক্তির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।”
সমাবেশ ১৪ দলের সমন্বয়ক ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, “ ‘হরতালের নামে সহিংসতা, রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের প্রাণহানি করে কেউ পার পাবে না।”
নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ন্যাপ নেতা আলী আহমদ নাজির, জাসদ নেতা জসিম উদ্দিন বাবুল, ওয়ার্কার্স পার্টির নেতা আবু হানিফ, গণ আজাদী লীগের মৌলানা নজরুল ইসলাম আশরাফী প্রমুখ।
সকালে নগরীর চেরাগী পাহাড় মোড়ে সমাবেশে করে কোতোয়ালি থানা সামাজিক প্রতিরোধ কমিটি।
এতে হরতালের নামে জামায়াত-শিবিরের নানা তাণ্ডবের প্রতিবাদ করে শাস্তির দাবি জানান বক্তারা।
কমিটির সমন্বয়ক আবুল মনছুরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী, এম এ নাছের, আবু হামিদ চৌধুরী আবু, মিথুন বড়–য়া প্রমুখ।
অলংকার চত্বরে পাহাড়তলী থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও মহিলা আওয়ামী লীগের আয়োজনে হরতালবিরোধী সমাবেশ হয়।
নগর স্বেচ্ছাসেবক লীগ সকালে দারুল ফজল মার্কেট চত্বরে হরতালবিরোধী সমাবেশ করে।
এতে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুল কবীর, সত্যজিৎ চক্রবর্তী সুজন, কাজী হেলাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
দেওয়ানহাট চত্বরে হরতালবিরোধী সমাবেশ করেছে ডবলমুরিং থানা সর্বদলীয় সামাজিক প্রতিরোধ কমিটি।
এছাড়া নিউ মার্কেট মোড়, আগ্রাবাদ, জিইসি মোড়, ২ নম্বর গেট এলাকায় হরতালবিরোধী মিছিল হয়।
