লিমনের বিরুদ্ধে অভিযোগ গঠন আবারো পেছাল
ঝালকাঠীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পঙ্গু কলেজছাত্র লিমনের বিরুদ্ধে করা অস্ত্র মামলায় অভিযোগ গঠন আরেক দফা পিছিয়েছে।
মঙ্গলবার ঝালকাঠী বিশেষ ট্রাইবুনাল-২ আদালতের বিচারক কিরন শংকর হালদার আগামী ২৯ এপ্রিল অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন রাখেন।
এর আগে এ মামলায় ১৩ বার অভিযোগ গঠনের তারিখ পেছানো হয়।
লিমনের আইনজীবী আককাস সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকার পক্ষের আইনজীবী এ মামলার নথিপত্র পর্যালোচনা করে প্রস্তুতি নেয়ার সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।
এদিকে লিমনকে নির্দোষ দাবি করে তার আইনজীবী একই আদালতে ফৌজদারী কার্যবিধির ২৪১ ধারায় মামলা থেকে লিমনকে অব্যাহতি দেয়ার আবেদন করেন।
আগামী ২৯ এপ্রিল একইসঙ্গে লিমনের আইনজীবীর আবেদনটিও শুনানি করার আদেশ দেয় আদালত।
২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে লিমন হোসেন র্যাবের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে পা হারান।
এ ঘটনায় র্যাব লিমনসহ সাত জনের বিরুদ্ধে অস্ত্র ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে দুটি মামলা দায়ের করে।
TIB smells foul in Limon clemency advice
অপরদিকে লিমনের মা হেনোয়ারা বেগম হত্যা চেষ্টা ও পঙ্গু করার অভিযোগে ছয় র্যাব সদস্যের বিরুদ্ধে আরেকটি মামলা করেন।
পুলিশ সে মামলায় র্যাব সদস্যদের নির্দোষ উল্লেখ করে চুড়ান্ত প্রতিবেদন দেয়।
