৫ বছরের মধ্যে ২য় বার হজে মানা
পাঁচ বছরের মধ্যে যারা হজ করেছেন, আগামী হজ মৌসুমে তারা হ্জ করতে পারবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।
মঙ্গলবার সচিবালয়ে নিজ কক্ষে ধর্ম সচিব কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের এ তথ্য জানান।
ধর্ম সচিব বলেন, সৌদি সরকার সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে। শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের জন্য সৌদি সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
তবে হজ ব্যবস্থপনাকারী ও হাজীদের সঙ্গীদের (মাহরাম) ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে না বলে জানান হাবিবুল আউয়াল।
আগামী হজ মৌসুমের হজ করতে ইচ্ছুকদের এ ব্যাপারে সচেতন করে সচিব বলেন, বিগত পাচ বছরের মধ্যে হজ পালনকারী যদি নতুন পাসপোর্ট করেও হজ পালন করতে চেস্টা করেন তাহলে তিনি সমস্যায় পড়বেন।
বাংলাদেশ ও সৌদি সরকার এ বিষয়টি কঠোরভাবে নজরদারি করবে এবং কেউ যদি ভিন্ন উপায়ে যাওয়ার চেস্টা করেন তাহলে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকে পরবেন বলে জানান সচিব।
বিগত বছরগুলোতে যারা হজে গিয়েছিলেন তাদের আঙ্গুলের ছাপ ও ছবি সৌদি সরকারের কাছে রয়েছে এবং সেভাবে তারা চিহ্নিত হওয়ার পর বিমান বন্দর থেকেই ফেরত আসবে বলে জানান ধর্ম সচিব।
৫ বছরের মধ্যে যারা হজ করেছেন তাদের সতর্ক করে সচিব বলেন, “কোন হজ এজেন্সির প্রলোভনে পড়েও যেন তারা হজে না যান।”
যেসব হজ এজেন্সি অনুমোদিত বাড়ি ছাড়া হাজীদের অন্য বাড়িতে রাখবে তাদের ব্যাপারে বাংলাদেশ ও সৌদি সরকার কঠোর অবস্থানে থাকবে বলেও জানান ধর্ম সচিব।
হজের নামে মানাব পাচার রোধে এবার কঠোর ব্যবস্থা থাকবে জানিয়ে সচিব বলেন, গতবার ৫ হাজার পাসপোর্ট জব্দ করা হয়েছিল, এবারও সেই প্রক্রিয়া থাকবে।
আগামী ৩০ মে এর মধ্যে হজে যেতে ইচ্ছুকদের টাকা জমা দেয়ার আহ্বান জানিয়ে সচিব্ বলেন, এ সময়ের পর টাকা জমা দেয়ার সুযোগ থাকবে না।
গতবারে অনিয়মের জন্য ৭০টি হজ এজেন্সির বিষয়ে তদন্ত চলছেও বলে জানান ধর্ম সচিব।
গত ১১ মার্চ আগামী হজ মৌসুমে হজ পালনে ২টি প্যাকেজের সুযোগ রেখে ‘হজ প্যাকেজ, ২০১৩’ অনুমোদন করে মন্ত্রিসভা।
এবার মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে যেতে পারবেন বাংলাদেশ থেকে।
হজের প্রথম প্যাকেজে মোট খরচ হবে কোরবানি বাদে ৩ লাখ ৪৭ হাজার ২৭ টাকা, ২য় প্যাকেজে খরচ হবে কোরবানি বাদে ২ লাখ ৭৮ হাজার ৭৪২ টাকা।
কোরবানির জন্য হ্জযাত্রীদের আলাদাভাবে কমপক্ষে সাড়ে চার’শ (৪৫০) সৌদি রিয়াল নিজ দায়িত্বে নিয়ে যেতে হবে।
সরকারি ব্যবস্থাপনায় মোট ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এবার মোট ১ লাখ ১৭ হাজার ১৯৮ জন হজ করতে যেতে পারবেন।
বেসরকারি হজ এজেন্সিগুলো (নন ব্যালটি) হ্জ যাত্রীদের কাছ থেকে সরকারী প্যাকেজের চেয়ে কম খরচে হজ যাত্রী নিয়ে যেতে পারবে না বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
