২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হাত পেতে নয়, দাঁড়াব মাথা উঁচু করে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভিক্ষার ঝুলি নিয়ে বিদেশের কাছে হাত পেতে নয়, স্বয়ংসম্পূর্ণ হয়ে বর্হিবিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।

পিরোজপুর প্রতিনিধি

পটুয়াখালী ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 08:26 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

মঙ্গলবার পটুয়াখালীর দশমিনায় দেশের বৃহত্তম বীজ বর্ধন খামার প্রকল্পের উদ্বোধনের পর এক সমাবেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

পটুয়াখালী জেলা আওয়ামী লীগ ও দশমিনা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ ভিক্ষার ঝুলি নিয়ে আর বিদেশের কাছে হাত পাতবে না। আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হয়ে মাথা উঁচু করে নিজেদের সম্মান রক্ষা করে বিদেশে ভাবমূর্তি অক্ষুন্ন রেখে বেঁচে থাকতে চাই।”

দক্ষিণাঞ্চলের প্রতিটি গৃহহীন মানুষের জন্য ঘরের আশা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের শিক্ষা-চিকিৎসাসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।

দশমিনার বীজ বর্ধন খামারে শুধু আলু নয়, প্রতিটি সব্জির বীজ উৎপাদনের জন্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এই খামারে হিমাগারে বীজ সংরক্ষণ করে দেশের চাহিদা মেটানোর পর বিদেশেও রপ্তানি করা যাবে।

এই প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের মানুষের কর্মসংস্থানের পাশাপাশি খাদ্যে স্বয়ংসম্পূর্ণকা আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বরিশালকে আবারো দেশের শস্যভাণ্ডারে পরিণত করার প্রত্যয় জানিয়ে শেখ হাসিনা বলেন, “দক্ষিণাঞ্চলের একটি মানুষও খাবারের কষ্ট পেলে বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পাবে। তাই এই অঞ্চল খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলা হবে।”

নিজেকে ‘দক্ষিণাঞ্চলের মেয়ে’ উল্লেখ করে তিনি বলেন, “এ অঞ্চলের প্রতিটি গৃহহীন পরিবার তাদের থাকার জন্য বসত ঘর পাবে। অবহেলিত এই জনপদের মানুষ শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকার পাবে।”

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে করে পটুয়াখালী পৌঁছানোর পর দশমিনার চর বাশবাড়িয়ায় বীজ উৎপাদন খামার প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর একই স্থানে সমাবেশে বক্তব্য দেন তিনি।

কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ১ হাজার ৪৪ দশমিক ৩৬ একর জমির পর এই বীজ উৎপাদন খামার গড়ে তুলেছে।

প্রধানমন্ত্রী দুপুরে পটুয়াখালী-বরিশাল সড়কের পায়রা নদীর ওপর লেবুখালী সেতুর ভিত্তিস্থাপন করেন।

শেখ হাসিনার এই সফর উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় ১৮ দলীয় জোটের হরতাল শিথিল রাখা হয়।

প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের রামনাবাদ চ্যানেলে আরেকটি বন্দর স্থাপনের আশ্বাস দেন। সেখানে জাহাজ নির্মাণ শিল্পও গড়ে তোলা হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ছাড়াও ছিলেন আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, আবুল হাসানাত আব্দুল্লাহ, আফজাল হোসেন, স্থানীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনি প্রমুখ।

দশমিনা থেকে পিরোজপুর যান প্রধানমন্ত্রী। সেখানে কয়েকটি প্রকল্প উদ্বোধনের পর জনসভায় বক্তব্য দেন তিনি।

পিরোজপুর জিলা স্কুল মাঠে জনসভায় শেখ হাসিনা বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেন, “যুদ্ধাপরাধী মানবতাবিরোধীদের বাঁচানোর জন্য হরতাল দিয়ে মানুষ হত্যাসহ বাসে আগুন দিচ্ছেন, আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করে তাদের বাঁচাতে পারবেন না।”

“আমরা নির্বাচনের আগে মানুষের কাছে ওয়াদা করেছিলাম ক্ষমতায় আসতে পারলে যুদ্ধাপরাধীদের বিচার করব। আমরা সেই কাজ শুরু করেছি। আর এতেই বিরোধী নেত্রীর যত গাত্রদাহ শুরু হয়েছে।”

প্রায় এক যুগ পর পিরোজপুরে শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে জেলা শহরে ছিল উৎসবের আমেজ।

শেখ হাসিনা পিরোজপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ, একাডেমিক ভবন ও ছাত্রী নিবাস, বলেশ্বর নদের ওপর নির্মিত শেখ শহীদ ফজলুল হক মনি সেতু, ইন্দুরকানি থানা ভবন, নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশন ভবন, জেলা রেজিস্ট্রি অফিস ভবন, স্বরূপকাঠি সাব-রেজিস্ট্রি অফিস ভবন, জেলা সরকারি গণগ্রন্থাগার ও ছয়টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র উদ্বোধন করেন।

এছাড়া পিরোজপর হাকিম আদালত ভবন, জেলা মুক্তিযোদ্ধা ভবন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের ছাত্রাবাস, সরকারী সোহরাওয়ার্দী কলেজের শিক্ষা ভবনের ভিত্তিস্থাপন করেন তিনি।

সরকারের নেয়া উন্নয়ন কার্যক্রম তুলে ধরে শেখ হাসিনা বলেন, পিরোজপুরে এসে জেলার মানুষকে এই উপহার দিয়ে গেলাম। ভবিষ্যতে ক্ষমতায় এলে আরো উন্নয়ন দেব।

জনসভায় উপস্থিত জনতার উদ্দেশে তিনি জানতে চান – আগামীতে নৌকায় ভোট দেবেন? জনতা হাত তুলে ভোট দেয়ার প্রতিশ্রুতি দেয়।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকরাম হোসেন খানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, পিরোজপুরের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, অধ্যক্ষ শাহ আলম, আনোয়ার হোসেন, সাধনা রানী হালদার প্রমুখ।

পুরনো খবর:

দশমিনা বীজ বর্ধন খামারের যাত্রা শুরু