২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশমিনা বীজ বর্ধন খামারের যাত্রা শুরু

পটুয়াখালীর দশমিনায় দেশের বৃহত্তম বীজ বর্ধন খামার প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 05:36 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

পটুয়াখালী জেলা আওয়ামী লীগ ও দশমিনা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশেও অংশ নিচ্ছেন তিনি।

জেলা প্রশাসন জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে করে পটুয়াখালী পৌঁছান প্রধানমন্ত্রী।

এরপর তিনি দশমিনার চর বাশবাড়িয়া, চর-সায়মন, চর-হায়দারে বীজ উৎপাদন খামার প্রকল্পের উদ্বোধন করেন এবং একই স্থানে স্থানীয় আওয়ামী লীগের সমাবেশে অংশ নেন। 

জেলা প্রসাশক অমিতাভ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রী দুপুরে পটুয়াখালী-বরিশাল সড়কের পায়রা নদীর ওপর লেবুখালী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং এরপর পিরোজপুর জেলার উদ্দেশে রওনা হবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাঁশবাড়ীয়া ইউনিয়নের চরহায়দার , চরবোথাম ও চর বাঁশবাড়ীয়া মৌজায় ১ হাজার ৪৪ দশমিক ৩৬ একর জমির পর গড়ে তোলা এই বীজ উৎপাদন খামার প্রকল্প হবে দেশের সর্ববৃহৎ বীজ ভাণ্ডার। 

কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এ প্রকল্প বায়স্তবায়ন করছে।

দশমিনার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেন বলেন, বীজ উৎপাদন খামার প্রকল্পের মূল উদ্দেশ্য-দক্ষিণাঞ্চলের কৃষির উৎপাদন বৃদ্ধি, এ এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দারিদ্র্য দূরীকরণ এবং প্রকল্প এলাকার জনগণের আর্থ- সামাজিক অবস্থার উন্নয়ন।

এছাড়া ৪১১ কোটি টাকা ব্যয়ে পায়রা নদীর ওপর লেবুখালী সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রসাশক মুক্তিযোদ্ধা খান মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

পটুয়াখালির বিভিন্ন সড়ক ও প্রধানমন্ত্রীর পরিদর্শনের স্থানগুলো সাজানো হয়েছে মনোরম সাজে।

শেখ হাসিনার এই সফর উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় ১৮ দলীয় জোটের হরতাল শিথিল রাখা হয়েছে।