চুয়াডাঙ্গায় ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গায় এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সংগঠনের আরো দুই কর্মী।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি এরশাদুল কবীর চৌধুরী বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের মহিলা কলেজ পাড়ায় ওই তিনজনের ওপর হামলা হয়।
আহত অবস্থায় টুটুলকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা নেয়ার পথে মঙ্গলবার ভোররাতে তার মৃত্যু হয় বলে জানান ওসি।
কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ।
তবে ছাত্রলীগ বলছে, ছাত্রদলের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে টুটুলকে হত্যা করেছে।
জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন দুদু বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা এর আগেও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
“ছাত্রলীগে সক্রিয় থাকায় তারা রাম দা, চাপাতি দিয়ে কুপিয়ে টুটুলকে হত্যা করে।”
এ ঘটনায় তাদের সংগঠনের আরো দুই কর্মী রানা (২২) ও রাশেদ (২৩) আহত হন বলে জানান তিনি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান জানান, টুটুলের মাথায় ধারালো অস্ত্রের জখম ছিল। তার শরীরেও আঘাতের চিহ্ন পাওয়া যায়। রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।
একই ঘটনায় আহত রানা ও রাশেদ চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে গেছে বলে জানান এই চিকিৎসক।
ওসি এরশাদুল কবীর বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
