২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ঢিলেঢালা হরতাল

সিলেটে হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল হলেও কোথাও কোনো গোলযোগের ঘটনা ঘটেনি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 04:46 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক নেতাকর্মীদের মুক্তি দাবিতে ১৮ দলীয় জোটের ডাকে মঙ্গলবার সারা দেশে দ্বিতীয় দিনের মতো সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

সকাল থেকে সিলেট নগরীতে হরতালের সমর্থনে বিছিন্নভাবে মিছিল করেছেন বিএনপি নেতা-কর্মীরা।

সকাল সাড়ে ৮টার ‍দিকে শহরের জিন্দাবাজার এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে ঝটিকা মিছিল করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় মিছিল থেকে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

সকাল ৬টায় নগরীর দর্শন দেউড়ি এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা দেয় হরতাল সমর্থনকারীরা।  পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সকাল পৌনে ৮টার দিকে মিরাবাজারে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে। এসময় তারা কয়েকটি রিকশা ভাংচুর করে।

জেলা বিএনপির নেতাকর্মীরা সকাল ৯টার দিকে জিন্দাবাজার থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। কোর্ট পয়েন্টে গিয়ে তাদের মিছিল শেষ হয়।

সকাল থেকেই নগরীতে রিকশা, অটোরিকশা ও হালকা যানবাহন চলছে। তবে দূরপাল্লার যান চলছে না। কুলাউড়ায় ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্রগ্রামের ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।

হরতালে নাশকতা এড়াতে নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নাশকতা এড়াতে র‌্যাব-পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের মোতায়েন  করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার রেজাউল করিম বলেন, হরতাল সমর্থকরা মিছিল করে শৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের ছাত্রভঙ্গ করে দেয়। শহরে কোথাও বড় ধরনের কোনো গোলযোগ হয়নি। সাবির্ক পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।

বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আযম জানান, হরতালে নগরবাসীর নিরাপত্তায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৫ প্লাটুন বিজিবি সদস্য মাঠে রয়েছে।