২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের গোপালপুরে হরতালকারীদের সঙ্গে হরতালবিরোধীদের সংঘর্ষের সময় স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 03:58 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

নিহত ইমরান হোসেন (২৫) গোপালপুর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

১৮ দলের হরতালের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে গোপালপুরের কোনাবাড়ীতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপালপুর থানার ওসি মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৬টার দিকে বিএনপি নেতাকর্মীরা হরতালের সমর্থনে কোনাবাড়ীতে সড়ক অবরোধ করলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। কিছুক্ষণ পরে বিএনপি কর্মীরা সংগঠিত হয়ে এসে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

“এ সময় রামদার কোপে গুরুতর জখম হন ইমরান। প্রথমে তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।”

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সোমবার থেকে দুই দিনের এই হরতাল করছে।