২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী পটুয়াখালী যাচ্ছেন মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালী যাচ্ছেন মঙ্গলবার। তার আগমন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 05:36 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

তিনি সেখানে পটুয়াখালী-বরিশাল সড়কের পায়রা নদীর উপর লেবুখালী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দশমিনায় বীজ উৎপাদন খামার প্রকল্প উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে পুরো জেলায় এখন সাজ সাজ রব।

এছাড়াও শেখ হাসিনা পটুয়াখালী জেলা আওয়ামী লীগ ও দশমিনা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন বলে দলীয় সূত্র জানায়।

এদিকে শেখ হাসিনা যাবেন বলেই পটুয়াখালীর দশমিনায় হরতাল না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

জেলা প্রসাশক অমিতাভ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দশমিনার চর বাশবাড়িয়া, চর-সায়মন, চর-হায়দারে বীজ উৎপাদন খামার প্রকল্পের উদ্বোধন করবেন ও জনসভায় ভাষণ দেবেন।

তিনি আরো জানান, দুপুর ১২টায় পটুয়াখালী-বরিশাল সড়কের পায়রা নদীর উপর লেবুখালী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ভাষণ শেষে পিরোজপুর জেলার উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা।

দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহামুদ লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৪ হাজার ৪৯৬ কোটি ৮৩লাখ টাকা ব্যয়ে দশমিনার চর-বাঁশবাড়িয়ায় দেশের বৃহত্তম বীজ উৎপাদন খামার প্রকল্পের উদ্বোধন করে একই স্থানে বেলা ১১টায় স্থানীয় জনতার উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রসাশক মুক্তিযোদ্ধা খান মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে জেলার তিনটি স্থানে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

দুপুর ১২টায় পটুয়াখালী পৌঁছে লেবুখালী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনসহ ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে পটুয়াখালী বিমান অবতরণ কেন্দ্র মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।

সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, ৪’শ ১১ কোটি টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে পায়রা নদীর ওপর লেবুখালী সেতুটি।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেন বলেন, বীজ উৎপাদন খামার প্রকল্পের মূল উদ্দেশ্য-দক্ষিণাঞ্চলের কৃষির উৎপাদন বৃদ্ধি, এ এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দারিদ্র্য দূরীকরণ এবং প্রকল্প এলাকার জনগণের আর্থ- সামাজিক অবস্থার উন্নয়ন।

তিনি আরো জানান, এজন্য ইতিমধ্যে পটুয়াখালীর দশমিনা উপজেলার ৩টি চরের ১হাজার ৪৪ দশমিক ৩৬ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)।