বাঁশখালীতে গণপিটুনিতে ডাকাত নিহত
চট্টগ্রামের বাঁশখালীতে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। আহত হয় অপর চারজন।
সোমবার বাঁশখালী ও লোহাগাড়া উপজেলার মাঝামাঝি কুমিরা ঘোনা নামক পাহাড় থেকে ডাকাতদের ধরে এলাকাবাসী।
নিহত ডাকাতের নাম আবদুল খালেক (৪০)।
স্থানীয় অধিবাসীরা জানান, উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া ভিলেজার পাড়া গ্রামে রোববার গভীর রাতে ‘পুলিশ’ পরিচয় দিয়ে ২০-২৫ জনের ডাকাত দল হানা দেয়।
ডাকাত দল পাঁচটি পরিবারের ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে জানান এলাকাবাসী।
রাতে এলাকাবাসী তাদের প্রতিরোধ করতে না পারলেও তাদের পথ অনুসরণ করে অবস্থান চিহ্নিত করে।
স্থানীয় সাংবাদিকরা জানান, সোমবার সকালে এলাকাবাসী কুমিরা ঘোনা পাহাড়ে তল্লাশি করতে গেলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে এক গ্রামবাসী আহত হয়।
এসময় এলাকাবাসী পাঁচ ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।
বাঁশখালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মণ্টু কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সাড়ে বারটার দিকে এলাকাবাসী পাহাড়ে অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
তাদের মধ্যে দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে ডাকাত আবদুল খালেক মারা যায়।
মো. জাকের (৩২) নামে ডাকাতদলের অপর আহত সদস্য হাসপাতালে রয়েছে।
এছাড়া গণপিটুনির শিকার আলী আহসান (৩০), ওবায়দুল্লাহ (৩০) ও মো. আলীকে (৩৮) আটক করা হয়েছে বলে জানান এএসআই।
