২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে পিকেটারদের হামলায় আহত ট্রাকচালকের মৃত্যু

ফেনীর দাগনভূঁইয়া উপজেলায় পিকেটারদের হামলায় আহত এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 06:27 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

ট্রাকচালক নুর মোহম্মদ (৪০) ভোর ৩টার দিকে ফেনী-মাইজদী সড়কের উপজেলার মুক্তারবাড়ির দরজা এলাকায় পিকটোরদের হামলার শিকার হন।

দাগনভূঁইয়া থানার ওসি নিজাম উদ্দিন জানান, সোমবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি জানান, নুর মোহাম্মদ ৩০০ বস্তা ময়দা নিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালীর মাইজদীর গ্লোব কারখানায় যাচ্ছিলেন। ভোরে মুক্তারবাড়ি এলাকায় হরতাল সমর্থকরা গাছের গুড়ি ফেলে ব্যারিকেড দিচ্ছিল।

“ট্রাকটি সেখানে পৌঁছলে পিকেটাররা ট্রাকে ইট-পাটকেল মারতে শুরু করে। ইট-পাটকেলে এবং ট্রাকের কাঁচ ভেঙ্গে চালক মাথায় আঘাত পান।”

পুলিশ খবর পেয়ে নুর মোহাম্মদকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয় বলে জানান ওসি।

তিনি জানান, ট্রাকচালকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নুর মোহাম্মদ বরিশালের উজিরপুর উপজেলার মশাং গ্রামের আবদুল মান্নানের ছেলে।

বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোট দুই দিনের এ হরতালের ডাক দেয়।