ত্বকী হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি হয়েছে: পুলিশ
তানভীর মোহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি হয়েছে বলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন।
এদিকে নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির ছেলের হত্যাকাণ্ডে অভিযোগের মুখে থাকা একেএম শামীম ওসমানের পক্ষে পুলিশকে স্মারকলিপি দিয়েছে জেলা আওয়ামী লীগের একটি অংশ।
গত ৬ ফেব্রুয়ারি নিখোঁজ হওয়ার দুদিন পর শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদী সংলগ্ন খাল থেকে কলেজছাত্র ত্বকীর লাশ উদ্ধার করা হয়।
এই হত্যাকাণ্ডের জন্য শামীম ওসমানের পরিবারকে দায়ী করেছেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আহ্বায়ক রফিউর রাব্বি।
ত্বকীর খুনিদের গ্রেপ্তার দাবিতে সাংস্কৃতিক জোট রোববার রাতে শহরের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্জ্বলন করে। সোমবার সংবাদ সম্মেলনের কর্মসূচিও রয়েছে তাদের।
জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “তদন্তে উল্লেখ্যযোগ্য অগ্রগতি হয়েছে। হত্যার ঘটনায় জড়িত কয়েকজনকে সন্দেহ করা হচ্ছে। তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হলে হত্যার রহস্য উন্মোচিত হবে।”
তবে সন্দেহভাজন দুই-একজন ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েছে স্বীকার করে তিনি বলেন, সন্দেহজনক অন্যরা নজরদারিতে রয়েছে।
রফিউর রাব্বি ক্ষোভ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর কালক্ষেপণের সুযোগে খুনিদের কেউ কেউ দেশ ছাড়তে পেরেছে।”
গত শুক্রবার এক সমাবেশে রফিউর রাব্বি ছেলের হত্যাকাণ্ডের জন্য শামীম ওসমানকে দায়ী করেন।
ওই সমাবেশে আওয়ামী লীগ নেতা ও সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীও বলেন, নির্বাচনে তার পক্ষে রাব্বি কাজ করেছে বলে পরাজিত প্রার্থী শামীম তানভীরকে হত্যা করেছে।
আইভীর ওই বক্তব্যের প্রতিবাদে রোববার বিকালে বিক্ষোভ মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের একাংশ পুলিশ সুপারকে স্মারকলিপি দেয়।
বক্তব্যের পক্ষে প্রমাণ দিতে না পারলে আইভী ও রাব্বির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয় স্মারকলিপিতে।
স্মারকলিপির প্রতিক্রিয়া জানতে চাইলে আইভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্মারকলিপিতে কী রয়েছে, তা না জেনে তিনি কোনো বক্তব্য দেবেন না।
“আমি কোনো গডফাদারকে ভয় পাই না,” বলেন তিনি।
রাব্বি বলেন, “প্রশাসনের যারা কাজ করছে এবং মামলার তদন্ত করছে, তারা যেন নিরপেক্ষভাবে কাজ করতে না পারে, সেই উদ্দেশ্যে এটা চাপ তৈরির কৌশল।”
স্মারকলিপি দেয়ার সময় ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, ফতুল্লা থানা আওয়ামী লীগ সভাপতি সাইফুল্লাহ বাদল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান, ঘাতক-দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি চন্দন শীল প্রমুখ।
স্মারকলিপি দেয়ার সময় শামীম ছিলেন না। তবে পরে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের চাষাঢ়া বিজয় স্তম্ভের মোড়ে গেলে সেখানে সমবেশে তিনি বক্তব্য দেন।
শামীম বলেন, “আমরা ত্বকী হত্যার বিচার চাই। কিন্তু ত্বকী হত্যা নিয়ে রাজনৈতিক খেলা শুরু হয়েছে।
“আমরা আর দুই-একদিন দেখব। এই খেলা বন্ধ না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।সোজা আঙুলে ঘি না উঠলে, আগুন কীভাবে বাঁকা করতে হয়, তা আমরা জানি।”
যারা ‘জামায়াত-শিবিরের টাকায় চলে’, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন তিনি।
