চট্টগ্রামেও টেলিটকের থ্রি-জি
রাজধানীর পর এবার রাষ্ট্রায়ত্ত মোবাইল কোম্পানি টেলিটকের তৃতীয় প্রজন্মের (থ্রি-জি) প্রযুক্তি সেবার আওতায় আসছে বন্দরনগরী চট্টগ্রাম। আর মে মাসের মধ্যে সিলেটবাসীরা পাবেন এই সেবা।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ইতোমধ্যে চট্টগামে থ্রি-জি সেবা সীমিত আকারে শুরু করা হয়েছে, চলতি মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে।
চট্টগ্রামের দুইটি কাস্টমার কেয়ার এবং কিছু ডিলারের মাধ্যমে থ্রি-জি সিম বিক্রি করা হচ্ছে।
মুজিবর রহমান বলেন, চট্টগ্রামে একশর বেশি থ্রি-জি বিটিএস স্থাপন করা হয়েছে এবং উদ্বোধনের পর প্রাথমিকভাবে মেট্রোপলিটন এলাকায় এই সেবা পাওয়া যাবে।
রাজধানী ঢাকা ও আশেপাশে বর্তমানে টেলিটকের গ্রাহক সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে বলে জানান টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক।
নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র হিসাবে গত অগাস্ট পর্যন্ত টেলিটকের গ্রাহক সংখ্যা প্রায় ১৬ লাখ।
থ্রি-জি প্রযুক্তির মাধ্যমে উচ্চ গতিতে তথ্য পরিবহন সম্ভব বলে মোবাইল ফোনেই টিভি দেখা, জিপিএসের মাধমে পথ নির্দেশনা পাওয়া, উচ্চ গতির ইন্টারনেট ব্যবহারসহ ভিডিও কনফারেন্স করা সম্ভব।
