নিউ ইয়র্কে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
নানা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মদিন পালন করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার রাতে ব্রুকলিনের একটি রেস্তোরাঁয় কেক কেটে জন্মদিনের কর্মসূচি শুরু হয়। এর আগে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
নিউ ইয়র্ক যুব নাগরিক কমিটির উদ্যোগে স্থানীয় রেস্টুরেন্ট ‘সুগন্ধ্যা’য় অনুষ্ঠিত এ কর্মসূচিতে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, যুবলীগ ও শ্রমিক লীগসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রবাসীরা অংশ নেন।
পরে ‘ইতিহাসের রাখাল রাজা বঙ্গবন্ধু’ শীর্ষক এক আলোচনা সভা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জামালউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন নিউ জার্সির একটি সিটির কাউন্সিলম্যান ড. নূরুন্নবী।
এতে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ও সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সভাপতি এন আমিন, আওয়ামী লীগ নেতা খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোস্তফা কামাল পাশা, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ এবং সেক্রেটারি ফরিদ আলম ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ হোসেন সিরাজী।
যৌথভাবে সভা পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি মমিনুল হক সুমন এবং যুগ্ম সম্পাদক আশরাফ আলী খান লিটন।
বক্তারা বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, রাজাকারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার যে লড়াই শুরু হয়েছে তাতে জয়ী হতে পারলেই তার আত্মা শান্তি পাবে।
এজন্য একাত্তরের মত আবারো প্রবাস থেকে সর্বাত্মক সহায়তা দিয়ে গণজাগরণ মঞ্চকে এবং যুদ্ধাপরাধের বিচারের পক্ষে আন্তর্জাতিক জনমতকে সুসংহত করতে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান তারা।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র যুবলীগ ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আরো দুটি আলোচনা সভা হওয়ার কথা রয়েছে।
এদিন বিকালে জাতিসংঘের বাংলাদেশ মিশনেও ‘বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস’ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা পাঠ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
