‘মওদুদীবাদীরা ইসলামের শত্রু’
জামায়াত-শিবিরকে ‘মওদুদীবাদ’ বিশ্বাসী হিসেবে তুলে ধরে আহলে সুন্নাত ওয়াল জমা’আত বলেছে, তারা ইসলামের শত্রু। কোরআন ও সুন্নাহর অপব্যাখ্যা দিয়ে ইসলামকে তারা বিকৃতভাবে উপস্থাপন করছে।
রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সংগঠনের এক সম্মেলনে বক্তারা এ অভিযোগ করেন।
সংগঠনের চেয়ারম্যান কাজী নুরুল ইসলাম হাশেমীর সভাপতিত্বে শীর্ষ সুন্নি আলেম হত্যা চক্রান্তের প্রতিবাদ ও দেশের নাজুক অবস্থায় করণীয় শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আহলে সুন্নাত ওয়াল জমা’আতের মহাসচিব সৈয়দ মুহাম্মদ মছিহুদদৌল্লা বলেন, “জামায়াত-শিবির মওদুদীবাদে বিশ্বাসী। ওহাবিবাদ ও মওদুদীবাদ আদর্শের ব্যক্তিরা ইসলামের শত্রু। তারা কোরআন ও সুন্নাহর অপব্যাখ্যা দিয়ে ইসলামকে বিকৃতভাবে মানুষের কাছে উপস্থাপন করছে।”
পাশাপাশি তিনি দলটির সাম্প্রতিক তাণ্ডবের নিন্দা ও শাস্তির দাবি জানান।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এম মতিন বলেন, কওমীরা নাটক সাজিয়ে বলে ইসলামের জন্য নাকি তারা রক্ত দিতে প্রস্তুত। কুখ্যাত মুজাহিদ বাহিনীর নেতারা রক্ত দিয়ে উদারতার পরিচয় দিতে চায়! মানুষকে ধোকা দিয়ে তারা দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করতে অপচেষ্টা চালাচ্ছে।
চট্টগ্রামে এক মাসের মধ্যে সুন্নি মহাসমাবেশ করার ঘোষণাও দেন তিনি।
মতিন বলেন, এতে ৫০ লাখ মানুষের সমাগম হবে। এ সমাবেশের মাধ্যমে সরকার বুঝতে পারবে এ দেশে সুন্নি ওলামাদের শক্তি কতো।
ওলামাদের সঙ্গে নিয়ে দেশের সংকট থেকে উত্তোরণের উপায় বের করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
অন্যদের মধ্যে মওলানা সাইফুর রহমান নেজামী, মুফতি ওবাইদুল হক নঈমী, মুফতি ইদ্রিস রেজভী, আজিজুল হক আলকাদেরী, সৈয়দ নুরুল মনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।
