২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে ‘সবারই’ ক্ষতি

প্রতিবাদের ভাষা হিসেবে হরতাল দেশে বহুল প্রচলিত হলেও সমাজের বিভিন্ন স্তরের মানুষ এখন একে নেতিবাচক কর্মসূচি হিসেবে দেখছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ আবদুল্লাহ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2013, 11:22 AM

Updated : 13 Oct 2022, 02:49 PM

পুরনো খবর:

‘হরতালে একদিনে ক্ষতি ১৬০০ কোটি টাকা’
গাড়ি ভাংচুর-আগুনে ২০ কোটি টাকার ক্ষতি

শিল্প মালিক থেকে ফুটপাতের বিক্রেতা, চাকরিজীবী থেকে গৃহিনী, গাড়িচালক থেকে রিকশাচালক- সবাই বলছেন, সংঘাতের হরতাল তারা আর চান না।

অর্থনীতিতে নেতিবাচক প্রতিক্রিয়া রাখে বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে হরতাল প্রত্যাহারের অনুরোধ রাখা হলেও তাতে কোনো সাড়া এখন পর্যন্ত দেখা যাচ্ছে না।

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে গত ডিসেম্বর থেকে বেশ কয়েকদিন হরতাল ডাকে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দল। এরপর যুদ্ধাপরাধের রায়কে কেন্দ্র করে জামায়াতের সহিংস হরতাল চলে কয়েকদিন।

নয়া পল্টন থেকে গ্রেপ্তার দলীয় নেতা-কর্মীদের মুক্তি দাবিতে চলতি সপ্তাহে দুদিন দেশব্যাপী হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ঢাকায় হরতাল ডেকেছে বিএনপি। ঢাকার বাইরেও বুধবার সিলেটে হরতাল ডেকেছে জামায়াত। ফলে এই সপ্তাহটি দেশের অধিকাংশ স্থানেই হরতালের মধ্য দিয়েই শেষ হচ্ছে।

সরকারের মেয়াদের শেষ বছরে এসে রাজনৈতিক সংঘাতের মাত্রা বেড়েছে, তেমনি বিরোধীদলীয় নেতার কথায় সংঘাতের উস্কানিও দেখছেন সরকারি দলের নেতারা।

সরকার পতনে আরো হরতাল-অবরোধ দেয়ার ঘোষণা দিয়ে খালেদা জিয়া শনিবার মানিকগঞ্জের সিঙ্গাইরে জনসভায় বলেন, “এদের (সরকার) বিদায়ের জন্য হয়ত আরো কিছু প্রাণহানি হবে। তারপরও সরকার পতনের জন্য আমাদের রাস্তায় নামতে হবে।”       

বিরোধী দল হরতালের পেছনে যুক্তি হিসেবে বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধী দলে থাকার সময় একইভাবে হরতাল ডাকার বিষয়টি তুলে ধরে আসছে।

কর্মসূচি হিসেবে হরতাল ‘জনস্বার্থে’- রাজনৈতিক নেতারা এই দাবি করে এলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে শিল্পোদ্যোক্তা, চাকরিজীবী, মুদি দোকানি, হকার, ফুটপাতের ব্যবসায়ী, গৃহিনী, অটোরিকসা চালকসহ বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে যে মত পাওয়া গেছে, তা হল- রাজনীতিবিদরা হরতাল দিচ্ছেন দলের প্রয়োজনে, সাধারণ মানুষের চাওয়া এখানে উপেক্ষিত।

ঢাকা চেম্বারের সাবেক সভাপতি হোসেন খালেদ বলেন, গত ৪০ বছরের একই ধরনের রাজনীতির কারণে দেশ এক পা এগোলে দুই পা পিছিয়ে পড়ছে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হলে প্রবৃদ্ধি গড়ে ৬ শতাংশের পরিবর্তে ৮ শতাংশ হতে পারত।

Image
বিএনপির হরতাল চলাকালে বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিল এলাকার চিত্র।

বিএনপির হরতাল চলাকালে বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিল এলাকার চিত্র।

“যেসব রাজনৈতিক দল আন্দোলন করছে, তাদের উচিত সংসদে যাওয়া। একইসঙ্গে প্রতিবাদের ভাষা বা পন্থায়ও পরিবর্তন আনা উচিত।”

চলতি সপ্তাহে টানা হরতালে নিজের এক কারখানায়ই ১০ লাখ ডলার ক্ষতির মুখে পড়েছেন বলে জানালেন এই শিল্পোদ্যোক্তা।

ডিসিসিআইয়ের সভাপতি মো. সবুর খান সম্প্রতি এক পরিসংখ্যান তুলে ধরে বলেন, “একদিনের হরতালে দেশের অর্থনীতিতে যে ক্ষতি হয় তার পরিমাণ ২০ কোটি মার্কিন ডলার। ১৫ দিনের হরতালে যে পরিমাণ ক্ষতি হয়, তা দিয়ে অনায়াসে একটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব।”

রাজধানী উত্তরায় একটি বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুল করিম বলেন, হরতালে লেনদেন অর্ধেকের বেশি কমে যায়। সাধারণ গ্রাহকরা আসেন না। এমনকি খুব জরুরি না হলে কর্পোরেট গ্রাহকরাও আসেন না।

“হরতাল শুধু ক্ষতিকর নয়, বিরক্তিকরও,” বিরক্তির সুর এই ব্যাংক কর্মকর্তার কথায়।

রবিউল ইসলাম, মতিঝিলের ফুটপাতে শার্ট-প্যান্টের একটি অস্থায়ী দোকান চালান। এই দোকানের ওপর নির্ভর করেই ‍নিজের সংসার চালান। সেই সঙ্গে আরো একজন সহকারী রয়েছেন, যাকে দৈনিক ৩০০টাকা দেন।

হরতাল হলে দোকান খুলতে পারেন না রবিউল। সেদিন কোনো আয়ও তার নেই, যার ফল লোকসান।

রবিউল বলেন, “রাজনৈতিক দলগুলো দেশ ও জনগণের কথা বলে যে হরতাল দেয়, তাতে জনসাধারণের ক্ষতিই হয়।”

রবিউলের সঙ্গে কথা বলার সময় ফুটপাতের আরো কয়েকজন ব্যবসায়ীও জড়ো হন সেখানে। তারাও বলেন, হরতালে তাদের ক্ষতিই হয়।

ফকিরাপুল এলাকার পান-সিগারেটের ফেরিওয়ালা মোহাম্মদ রানার ভাষ্য, প্রতিদিন গড়ে তার আয় ৩০০ টাকা হলেও হরতালের দিন ১০০ টাকার বিক্রিও হয় না।

অটোরিকশাচালক শাহিনূর ইসলামের ভাষায়, একদিনের হরতালে তিন দিনের ক্ষতি হয়।

“

Image
মঙ্গলবার সেগুনবাগিচা এলাকায় একটি অটোরিকশা ভাংচুর করে আগুন দেয় হরতাল সমর্থকরা।

মঙ্গলবার সেগুনবাগিচা এলাকায় একটি অটোরিকশা ভাংচুর করে আগুন দেয় হরতাল সমর্থকরা।

যে দিন হরতাল থাকে, সেদিন মালিক গাড়ি দেয় না। কোনো ইনকাম নাই। আগের দিন ভাংচুর-আগুনে গাড়ি চালাতে ভয়। পরের দিন যানজট বাড়ায় কাজও কম করতে পারি।”

“রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে হরতাল কেউ পছন্দ করে না,” বলেন এই চালক।

সাম্প্রতিক হরতালগুলোতে সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ার দিকটি চোখে পড়ে।

হরতালের আগের দিন থেকে বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানো শুরু হয়, যা হরতালের দিনও চলে। 

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গত আড়াই মাসের চিত্র তুলে ধরে সম্প্রতি বলেন, এই সময়ে ৯৭টি গাড়িতে অগ্নিসংযোগ এবং ৫৯৮টি গাড়ি ভাংচুর হয়েছে এবং এতে পরিবহন খাতে ক্ষতির পরিমাণ ২০ কোটি ৫৫ লাখ টাকা।

গাড়িতে আগুন ও ভাংচুরের এই জের শুধু চালক-মালিকই নয়, সাধারণ মানুষকেও যে টানতে হয়, তার ব্যাখ্যা তুলে ধরলেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকরিজীবী শরিফুল ইসলাম বাবু।

তিনি থাকেন রাজধানীর কল্যাণপুরে, তার অফিস মতিঝিলে।

প্রতিদিন অফিসে আসা-যাওয়ায় ব্যয় ৫০ টাকায় ধরে রাখতে পারলেও হরতালের দিন তা ২০০ টাকায় উঠে যায় বলে জানান শরিফুল।

“হরতালের দিন বাসে চড়তে ভয় করে। যে কারণে রিকশায় করে আসি, খরচ তখন অনেক বেড়ে যায়।”

Image
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৃহস্পতিবার সকালে গাড়ি ভাংচুর করে হরতাল সমর্থকরা।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৃহস্পতিবার সকালে গাড়ি ভাংচুর করে হরতাল সমর্থকরা।

নির্দিষ্ট আয়ের চাকরিজীবীদের জন্য এই খরচ অনেক বেশি বলে জানান শরিফুলের মতো আরো অনেকে। 

হরতালে কাঁচাবাজারে যে প্রভাব পড়ে, তাতে ব্যবসায়ীদের সঙ্গে ভুক্তভোগী সাধারণ মানুষও। 

রাজধানীর কারওয়ান বাজারে চালের আড়ৎদার আহমেদ সিদ্দিকী জানান, হরতাল হলে নানাভাবে তাদের খরচ বেড়ে যায়।

“হরতালের ঘোষণার সঙ্গে সঙ্গে ট্রাক ভাড়া বেড়ে যায়। নওগাঁ, কুষ্টিয়া বা চাঁপাইনবাবগঞ্জের চালের মোকাম থেকে ট্রাক আসতে কমপক্ষে দুই হাজার টাকা বেশি ভাড়া দিতে হয়।”

“হরতালের দিনে বেচা-কেনা কমে গেলেও কর্মচারীর বেতন, দোকান ভাড়া এগুলোতে বন্ধ থাকে না। ফলে খরচ বাড়ে,” বলেন এই চাল বিক্রেতা।

কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা মো. মহসিন জানান, হরতালের দিন হোটেলগুলো কেনা কমিয়ে দেয়ায় তার বিক্রি ৮০ থেকে ৯০ শতাংশ কমে যায়।

কাঁচাবাজারের হরতালের প্রভাব কী, তা ধরা পড়ল আমিনা আহমেদ তুলির কথায়।

গত শুক্রবার দুপুরে কারওয়ান বাজারে কেনাকাটা করছিলেন তিনি।

হরতাল বিষয়ে জানতে চাইলে আমিনা উষ্মার সঙ্গে প্রথমেই বলেন, “বাজারে সব ধরনের পণ্যের দাম বেড়ে যায়।”

“বাসার কেউ বাইরে বের হলে দুশ্চিন্তায় ভুগি। এরকম আরো অনেক টেনশন,” হরতালে প্রতিটি পরিবারের উদ্বেগের প্রকাশও ঘটল তার কণ্ঠে।