২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘হরতালে একদিনে ক্ষতি ১৬০০ কোটি টাকা’

এই তথ্য তুলে ধরে দুই প্রধান রাজনৈতিক দলের প্রতি হরতাল পরিহারের আহ্বান জানিয়েছেন ডিসিসিআই সভাপতি সবুর খান। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 02:23 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচি পরিহারে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন ডিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি মো. সবুর খান।

শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

এক গবেষণার তথ্য তুলে ধরে সবুর খান বলেন, “একদিনের হরতালে দেশের অর্থনীতিতে যে ক্ষতি হয় তার পরিমাণ ২০ কোটি মার্কিন ডলার। পনেরো দিনের হরতালে যে পরিমাণ ক্ষতি হয় তা দিয়ে অনায়াসে একটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব।”

তবে এই গবেষণায় কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে তা তিনি উল্লেখ করেননি।

সংবাদ সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় অর্থনৈতিক বাধাসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা অভিমত দেন তিনি।   

সবুর খান বলেন, চলতি অর্থবছরে জিডিপির লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক চাহিদা কম থাকায় শিল্প খাতের প্রবৃদ্ধি কম হওয়ার আশঙ্কা রয়েছে।

“একই সঙ্গে বিভিন্ন ‘ইউটিলিটি’র অভাবে শিল্প ও সেবা খাতের প্রবৃদ্ধিও হ্রাস পেতে পারে। তাছাড়া দেশে বিনিয়োগের পরিস্থিতি সন্তোষজনক না হওয়ায় এ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা খুবই চ্যালেঞ্জিং হবে।”

সার্বিকভাবে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যবসা-বাণিজ্যের জন্য সহায়ক নয় বলেও মনে করেন ব্যবসায়ীদের এই নেতা।

দেশের বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখন পর্যন্ত নতুন শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না। তার উপর জ্বালানি তেল ও বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ছে।

এছাড়া গ্যাস ও বিদ্যুতের অভাবে অনেক কারখানার উৎপাদন হ্রাস পেয়েছে বলেও মনে করেন সুবর খান।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পরিমাণ বৃদ্ধির সূচককে শক্তিশালী অর্থনীতির পরিচায়ক আখ্যা দিয়ে সবুর খান বলেন, “কিন্ত মূলধনী যন্ত্রপাতি আমদানি ও নতুন কারখানা স্থাপনের হার কমে গেছে।”

পরিসংখ্যানে দেখা যায়, ২০১০-১১ অর্থবছরে রেসরকারি খাতে বিনিয়োগের পরিমাণ ১৯ দশমিক ৫ শতাংশ থেকে কমে ১৯ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে। তবে সরকারি খাতে বিনিয়োগ একই সময়ে ৫ দশমিক ৬ থেকে বেড়ে ৬ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, “অর্থাৎ বেসরকারি খাতে বিনিয়োগের হার কমে যাচ্ছে, যা দেশের ভৌত অবকাঠামোর জন্য সুসংবাদ নয়।”

আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককেনসির দেয়া পূর্বাভাস অনুযায়ী ২০২০ সালের মধ্যে তৈরি পোশাক খাতে বাংলাদেশের রপ্তানি তিন থেকে চার গুণ বাড়াতে হলে দেশের অবকাঠামোগত উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের নিশ্চয়তা প্রয়োজন বলে মনে করেন তিনি।

সম্প্রতি বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজের মাধ্যমে চেক ছাড়ের ওপর চার্জসহ অযৌক্তিক বিভিন্ন সার্ভিস চার্জ আরোপের সমালোচনা করে তিনি বলেন, “(এটা) কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এমনিতেই অতি উচ্চ সুদে ঋণ নিচ্ছি।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ডিসিসিআইয়ের নতুন পরিচলানা পর্ষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নেসার মাকসুদ খান, ভাইস প্রেসিডেন্ট আবসার করিম চৌধুরী উপস্থিত ছিলেন।

পর্ষদের নবনির্বাচিত পরিচালকরা হলেন- এএসএম মহিউদ্দিন মোমেন, ওসমান গণি, খায়রুল মজিদ মাহমুদ, কে এম এস মনজুরুল হক, হায়দার আহমেদ খান, আবুল হোসেন, ওসামা তাসের, মোহাম্মদ ইফতেখারুদ্দিন নওশাদ, রিজওয়ান-উর-রহমান, হুমায়ুন রশিদ, আবু হুরায়রা, শাহিদুল ইসলাম, হুসাইন এ শিকদার, আলহাজ আব্দুল সালাম ও মো. সোয়েব চৌধুরী।