‘আমার বাপেরে ফিরিয়ে এনে দেউ’
আল্লাহ, আমার বাপেরে ফিরিয়ে এনে দেউ। আর কিছু চাই না।
বৃদ্ধ বাবা-মা ডা. ইউসুফ আলম ও আনোয়ারা বেগম ছেলেকে ফিরে পাবেন কি না জানেন না। কান্না থামছে না অন্তঃসত্বা স্ত্রী সালমা খাতুনেরও।
গত ৭ মার্চ থেকে শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক এই সভাপতি নিখোজ রয়েছেন। ঢাকায় শেরেবাংলা নগর ন্যাম ফ্ল্যাটে স্থানীয় সাংসদের বাসায় ওইদিন দুপুর পর্যন্ত তিনি অবস্থান করছিলেন। এরপর থেকে তাকে আর মোবাইল ফোনেও পাওয়া যায়নি।
তার বড়ভাই শরিফুল আলম শাহিনের অভিযোগ, তুহিনকে অপহরণ করা হয়েছে।
তুহিনের স্ত্রী সালমা খাতুন বলেন, “অনাগত সন্তানের ভবিষ্যত যেন শেষ হয়ে যাচ্ছে। সামনে শুধু অন্ধকার দেখছি। নিরাপত্তাহীনতায় ভুগছি।
“আমার স্বামী সারাজীবন অন্যায়ের বিরুদ্ধে কাজ করে এয়েছে। জীবনে কিছুই করতি পারিনি। অনেকে হত্যার হুমকিও দেছে, কিন্তু কিছুই ওকে দমাতে পারেনি,” বলেন সালমা।
মায়ের বিলাপ, “আল্লাহ, আমার বাপেরে ফিরিয়ে এনে দেউ। আর কিছু চাই না।”
ডা. ইউসুফ আলম বলেন, “আমরা এমপি মেয়র বুঝি না। আমাদের সন্তানকে যেভাবে হোক সুস্থ শরীরে ফেরত চাই।”
দশদিনেও তুহিনের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। উদ্বেগ উৎকন্ঠা আর অজানা শঙ্কায় রয়েছেন তারা।
গত মঙ্গলবার (১২ মার্চ) তুহিনের চাচাতো ভাই সুমন মাহমুদ এ ঘটনায় ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি অপহরণ মামলা করেছেন।
এছাড়া ৮ মার্চ যশোর-১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিনের ব্যক্তিগত সহকারী আসাদুজ্জামান আসাদ একই থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।৬ ঘ.
