২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না. গঞ্জে কারখানা লে-অফ, সংঘর্ষ

শ্রমিকদের বেতন-ভাতার দাবিতে আন্দোলনের মুখে নারায়ণগঞ্জে একটি তৈরি পোষাক কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2013, 07:03 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

রোববার সকালে ফতুল্লার কাঠেরপুর এলাকায় ক্যাডটেক্স পোশাক কারখানার শ্রমিকরা কাজে এসে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের (লে-অফ) নোটিশ দেখে বিক্ষোভ শুরু করে।

এ সময় পুলিশ তাদের নিয়ন্ত্রণ করতে গেলে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লার মডেল থানার ওসি আকতার হোসেন জানান, শ্রমিক অসন্তোষের কারণে শনিবার রাতে কারখানা লে-অফ ঘোষণা করে ক্যাডটেক্স কর্তৃপক্ষ।

“রোববার সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানার বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে উঠে। এ সময় তারা কারখানা চালুর দাবিতে বিক্ষোভে সামিল হতে পাশের আবির ফ্যাশন কারখানার শ্রমিকদের বের আনার চেষ্টা করে।”

ওসি জানান, শ্রমিকরা ভাংচুরের চেষ্টা করলে পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ ধাওয়া দিয়ে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে কয়েকজন আহত হয়।পরে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায় বলে জানান ওসি।

কারখানার শ্রমিকদের অভিযোগ, গত কয়েক দিন যাবত শ্রমিকরা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিল। কর্তৃপক্ষ কোনো ধরনের আলোচনা না করেই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেয়।

পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ১০ শ্রমিক আহত হয় বলে দাবি করেন শ্রমিকরা।

আদমজীর শিল্প-পুলিশ-৪ এর পরিচালক মাহবুব আলম জানান, বিক্ষোভকারীরা পাশের একটি কারখানার শ্রমিকদের বের আনার চেষ্টা করলে পুলিশ মৃদু লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।