২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও বাগেরহাটে দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2013, 07:29 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

শুক্রবার রাতে এ দুর্ঘটনায় নিহতরা হলেন, নোয়াখালীর মাইজদীর হাকিমপুর গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে আব্দুল গফুর (৪০) এবং বাগেরহাট জেলার উত্তর কুলিয়া গ্রামের পাঞ্জু মোল্লার ছেলে ইউনুস মোল্লা (৪০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল আবুল বাশার জানান, শুক্রবার রাত ১টার দিকে চট্টগ্রামের রাউজানে ওয়াসার পানি সরবরাহের সময় মালবাহী একটি ট্রাকের ধাক্কায় আব্দুর গফুর গুরুতর আহত হয়।

আহত গফুরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি চট্টগ্রামের তাহের ব্রাদার্স লিমিটেডের শ্রমিক ছিলেন।

দুর্ঘটনার পর চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে।

এদিকে বাগেরহাটের মোল্লাহাটে দুই মোটরসাইকেলের মাঝখানে পড়ে ইউনুস মোল্লা নামে এক রিকশাভ্যান যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো তিনজন।

মোল্লাহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম জানান, শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের উপজেলার জয়ডিহি এলাকা থেকে রিকশাভ্যানে করে ফিরছিলেন ইউনুস। এ সময় দুই দিক থেকে দুটি মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দেয়। এর ফলে ইউনুস ছিটকে রাস্তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।