ঢাবিতে গণজাগরণ সমাবেশ
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে গণজাগরণ মঞ্চে সমাবেশ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
শনিবার সকাল সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সমাবেশ শুরু হয়েছে।
শনিবার দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সম্প্রীতি সমাবেশের কর্মসূচি রয়েছে গণজাগরণ মঞ্চের। এরই অংশ হিসেবে এই সমাবেশ হচ্ছে।
সম্প্রীতি সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনগুলো যোগ দিয়েছে।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারও বক্তব্য দেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
এর আগে শাহবাগের সঙ্গে সংহতি প্রকাশ করে ‘ছাত্র সংগ্রাম পরিষদ’ ব্যানারে মিছিল-সমাবেশ হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণজাগরণ মঞ্চের এটাই প্রথম সমাবেশ।
