দক্ষিণ আফ্রিকায় হাই কমিশনারের বাসায় ডাকাতি
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার তৌহিদ হোসেনের বাসায় হানা দিয়ে টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানী প্রিটোরিয়ায় হাই কমিশনারের বাসভবনে এ ঘটনা ঘটে।
এ সময় হাই কমিশনার ও তার পরিবারের সদস্যরা বাসায় ছিলেন না। পরিবারের সদস্যদের নিয়ে তিনি জাম্বিয়ায় অবস্থান করছিলেন।
কর্মচারীদের বরাত দিয়ে হাই কমিশনার তৌহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনজন বন্দুকধারী বাসায় ঢুকে এক নারী কর্মচারী ও হাইকমিশনের এক কর্মীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাপক লুটপাট চালায়। ওই দুজনকে মারধরও করা হয়।
ডাকাতরা বাসা থেকে টেলিভিশন, দুটি ল্যাপটপ, একটি কম্পিউটার এবং সিন্দুকের তালা ভেঙে টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয় বলে জানান তিনি।
“জাম্বিয়ায় না গেলে এ সময়ে আমার স্ত্রী একা বাড়িতে থাকতেন,” শঙ্কিত স্বরে বলেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ।
ঘটনার পর দক্ষিণ আফ্রিকার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান তিনি।
