২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানব উন্নয়ন সূচক: দ্রুত এগোচ্ছে বাংলাদেশ

গত তিন দশকে মানব উন্নয়নে দ্রুত এগিয়ে চলা ১৮ দেশের তালিকায় বাংলাদেশকে রেখেছে জাতিসংঘ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2013, 01:36 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

শুক্রবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ২০১৩ সালের যে মানব উন্নয়ন সূচক প্রকাশ করেছে, তাতে বাংলাদেশের অবস্থান এবার ১৮৭টি দেশের মধ্যে ১৪৬ নম্বরে।   

গড় আয়ু, স্বাক্ষরতা, শিক্ষা এবং মাথাপিছু আয়ের ভিত্তিতে সারা বিশ্বে এই প্রতিবেদন প্রকাশ করেছে ইউএনডিপি। রাজধানীর একটি হোটেলে এই প্রতিবেদনের বাংলাদেশ অংশটি তুলে ধরা হয়।   

এতে বলা হয়, ৬৯ দশমিক ২ বছর গড় আয়ু, জনপ্রতি গড়ে ৪ দশমিক ৮ বছর শিক্ষা গ্রহণ এবং এক হাজার ৭৮৫ ডলার মাথাপিছু আয় নিয়ে মানব উন্নয়ন সূচকে এবার বাংলাদেশের স্কোর ০.৫১৫।

আর এই সূচকে সবার ওপরে থাকা নরওয়ের স্কোর ০.৯৫৫।

২০১২ সালের প্রতিবেদনে বাংলাদেশ ১৪৭তম অবস্থানে থাকলেও গবেষণা পদ্ধতির পরিবর্তন হওয়ায় দুই বছেরের অবস্থানগত তুলনার সুযোগ নেই বলে ইউএনডিপি জানিয়েছে।  

গত কয়েক বছরে বাংলাদেশ স্বাস্থ্য ও শিক্ষা খাতে দারুণ অগ্রগতি দেখালেও পাকিস্তানের গড় আয় বেশি হওয়া সূচকে দুই দেশের অবস্থান সমান।

যে ১৮টি দেশ দ্রুত মানব উন্নয়নের নজির দেখিয়েছে, তাদের মধ্যে চীন, ভারত, মালয়েশিয়া ও ভিয়েতনামের মতো দেশও রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের তুলনায় অর্ধেক আয় নিয়েও বাংলাদেশ মানব উন্নয়নে প্রায় ভারতের সমান উন্নতি করেছে। কোনো কোনো ক্ষেত্রে উন্নতির মাপকাঠিতে ভারতকেও ছাড়িয়ে গেছে।

ইউএনডিপি কান্ট্রি ডিরেক্টর পলিন ট্যামেসিস বলেন, বাংলাদেশকে প্রতিনিয়ত যেসব ‘ব্যতিক্রমধর্মী’ সংকট মোকাবিলা করতে- হয় তার তুলনায় বাংলাদেশের উন্নতি অসামান্য।

“উন্নত অর্থনীতির দেশগুলোর সঙ্গে তুলনা করে আমি বলতে চাই, বাংলাদেশের মানুষের উন্নতি দেশের মোট অর্থনৈতিক অর্জনের চেয়ে শক্তিশালী। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ ১৯৮০ সালের স্কোরের তুলনায় ৬৫ শতাংশ এগিয়েছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. সেলিম রায়হান এবং ইউএনডিপির সহকারী কান্ট্রি ডিরেক্টর কে এ এম মোরশেদ প্রতিবেদনের বিভিন্ন দিক এ অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

কে এ এম মোরশেদ বলেন, মানব উন্নয়ন সূচকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো গড় আয়ু, শিক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধি। এই তিন ক্ষেত্রেই বাংলাদেশের অবস্থান অত্যন্ত দৃঢ়।