বাঁশখালী থানার ওসি প্রত্যাহার
চট্টগ্রামের বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর সবুরকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়।
শুক্রবার সকালে তার স্থলাভিষিক্ত হয়েছেন কামরুল ইসলাম।
গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর বাঁশখালী উপজেলার রামদাশ হাট, জলদী, চাম্বল, নাপোড়াসহ বিভিন্ন ইউনিয়নে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত-শিবির। তারা উপজেলা পরিষদ ভবন, আদালত ভবন, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে ভাংচুর-অগ্নিসংযোগ করে।
ওই সময় তারা দয়াল হরি সুশীল নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যাও করে।
এরপর থেকে বাঁশখালীর স্থানীয় জনগণ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠন ওসির সবুরের বিরুদ্ধে জামায়াত-শিবিরের তাণ্ডবের সময় নির্লিপ্ত থাকার অভিযোগ তোলে তার অপরসারণ দাবি করে আসছিল।
এছাড়া স্থানীয় অধিবাসীরা ওসির বিরুদ্ধে ওই হামলার ঘটনায় দায়ের করা মামলায় নির্দোষ ব্যক্তিদের হয়রানিরও অভিযোগ তোলে।
অবশ্য চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ইলতুৎমিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিয়মিত বদলির অংশ হিসেবে ওসি সবুরকে বদলি করা হয়েছে।
