ট্রেনের ধাক্কায় ৩ টেম্পো আরোহী নিহত
গাজীপুরের কালিয়াকৈরে লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি টেম্পোর তিন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মো.জাহিদুল ইসলাম জানান, শুক্রবার ভোর ৫টার দিকে কালিয়াকৈর-বলিয়াদী সড়কের বড়দল সোনাখালী রেলসেতুর পাশে একটি লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
“কালিয়াকৈর বাজারগামী টেম্পোটি লেভেল ক্রসিংয়ে উঠে পড়লে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসের ধাক্কায় এর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এরপর ট্রেনের সঙ্গে আটকে কিছুদুর গিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।”
এতে চালকসহ টোম্পোর তিন আরোহী ঘটনাস্থলেই মারা যান বলে উপ পরিদর্শক জাহিদুল জানান।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- ওই টোম্পোর চালক স্থানীয় ডুবাইল গ্রামের বাবুল মিয়া (৪০) ও একই এলাকার বিদ্যা (৩০)।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. দাদন মিয়া জানান, নিহত অপর তরুণীর বয়স অনুমানিক ৩০ বছর। তার গায়ে হলুদ ছাপার সেলোয়ার-কামিজ ও বেগুনী রংয়ের বোরকা ছিল।
আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।
