বগুড়ায় দেড়শ’ ভরি সোনাসহ ২ জন আটক
পাচারের জন্য বহন করা দেড়শ’ ভরি সোনাসহ দুই জনকে আটক করেছে বগুড়ার গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার বিকালে শাহজাহানপুর উপজেলায় দূরপাল্লার একটি বাসে তল্লাশি চালিয়ে শাহাবুল ইসলাম (৪১) ও মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে থাকা ব্যাগ থেকে পাচারের জন্য রাখা সোনা উদ্ধার করে পুলিশ।
শাহাবুল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের মৃত সুজাউদ্দিনের ছেলে। মাজহার একই উপজেলার ঢিমপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।
আটকরা স্বীকার করেছে, এসব সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে নেয়া হচ্ছিল।
বগুড়া গোয়েন্দা পুলিশের পরিদর্শক মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হিলি সীমান্তগামী হানিফ পরিবহনে তল্লাশি করে ওই দুই জনের ব্যাগে ১৫ পিস সোনার বিস্কুট পাওয়া যায়।
প্রতি পিসে দশ ভরি করে দেড়শো ভরি সোনার দাম প্রায় ৮০ লাখ টাকা বলে জানান তিনি।
এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
