মেঘনায় কোটি টাকার জাল আটক
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ভোলা সংলগ্ন মেঘনার বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের জাল আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।
আটককৃত জালের মধ্যে ১লাখ মিটার কারেন্ট জাল, ৫০হাজার মিটার চরঘেরা জাল, ৬টি বেহুন্দি জাল ও ২টি পাই জাল রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঝাটকা সংরক্ষণে কোস্টগার্ডে অভিযান চালায়।
ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট দিপাঙ্কর রায় জানান, কোস্টগার্ড দক্ষিণ জোনের পেটি অফিসার মারফত আলী নেতৃত্বে একটি টিম সকাল ৮টায় অভিযানে নামে।
অভিযান দলটি বিকাল ৫টা পর্যন্ত মেঘনার ভোলার খাল, তুলাতলী ও চৌকিঘাটা এলাকা থেকে অবৈধ এসব জাল আটক করে। তবে জাল ব্যবহারকারী কোস্টগার্ডেকে দেখে পালিয়ে যাওয়া তাকের আটক করা সম্ভব হয়নি।
আটককৃত জালের মূল্য প্রায় এক কোটি টাকা। পরে তুলাতলী মৎস্যঘাটে আটককৃত জাল আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।
