উপকূলের ২৪০টি আশ্রয়কেন্দ্র পুনর্নির্মাণ শেষ
ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার অন্তত ২৪০টি আশ্রয়কেন্দ্র পুনর্নিমাণ করে ব্যবস্থাপনা কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে।
এসব আশ্রয়কেন্দ্রকে কাজে লাগানো হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবেও।
২০০৭ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে উপকূলীয় এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জীবন-জীবিকা হুমকির মুখে পড়ে হাজারো মানুষের।
এই ক্ষতি সারিয়ে তুলতে ২০০৮ সালে বিশ্ব ব্যাংকের সহায়তায় শুরু হয় এমার্জেন্সি ২০০৭ সাইক্লোন রিকোভারি অ্যান্ড রেস্টোরেশন প্রকল্প। ওই প্রকল্পের আওতায় পুনর্নির্মাণ করা হয়েছে এসব আশ্রয়কেন্দ্র।
বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী, সংস্কার করা আশ্রয়কেন্দ্রগুলোতে পানি সরবরাহ, পয়োনিষ্কাশন ও বৈদ্যুতিক সুবিধা রয়েছে।
এগুলোর বাইরে একই ধরনের সুযোগ-সুবিধা সমৃদ্ধ নতুন ২২৭টি আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ চলছে বলে বিশ্ব ব্যাংক জানিয়েছে।
এই প্রকল্পের আওতায় লবণাক্ততা সহনীয় বীজ সরবরাহের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি ও মাছ ধরার পদ্ধতি উন্নয়নে কাজ করা হচ্ছে। সংস্কার করা হচ্ছে ক্ষতিগ্রস্ত বাঁধ।
এছাড়া দুর্যোগ ঝুঁকি হ্রাসে সরকারের নেয়া ১৫ বছর মেয়াদী প্রকল্পের প্রথম ধাপ বাস্তবায়নেও এই প্রকল্প থেকে সহায়তা দেয়া হচ্ছে।
