সরকারি কমিটি প্রত্যাখ্যান হেফাজতের
ব্লগ ও ফেইসবুকে ইসলাম ‘অবমাননাকারীদের’ সনাক্তে গঠিত সরকারের কমিটিকে প্রত্যাখ্যান করেছে গণজাগরণমঞ্চের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসা হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বৃহস্পতিবার চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দিন রূহী সাংবাদিকদের বলেন, তদন্ত কমিটিতে তথ্য প্রযুক্তি অথবা কোরআন-হাদিস বিশেষজ্ঞ কাউকে রাখা হয়নি।
“এজন্য আমরা এ কমিটি প্রত্যাখ্যান করছি,” বলেন তিনি।
এই কমিটিতে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি কোরআন ও হাদিস বিশেষজ্ঞদেরও রাখার দাবি জানান হেফাজত নেতা।
প্রধানমন্ত্রীর নির্দেশে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইনুদ্দিন খন্দকারকে প্রধান করে নয় সদস্যের এ কমিটি গঠন করে সরকার।
প্রধানমন্ত্রীর দপ্তর, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), আইন ও বিচার বিভাগ, তথ্য মন্ত্রণালয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালক ও পুলিশের (স্পেশাল ব্রাঞ্চ) অতিরিক্ত ডিআইজিকে নিয়ে গঠিত এই কমিটি প্রধানমন্ত্রীর দপ্তরে প্রতিবেদন দেবে।
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে গত মাসে আন্দোলন শুরুর পর কয়েকটি গণমাধ্যমে শাহবাগের আন্দোলনকারীদের নাস্তিক আখ্যায়িত করে ‘অপপ্রচার’ শুরু হয়।
তবে গণজাগরণ মঞ্চ থেকে এর প্রতিক্রিয়ায় বলা হয়, তাদের আন্দোলন কোনো ধর্মের বিরুদ্ধে নয়, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে। ‘যুদ্ধাপরাধী দল’ হিসাবেই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি জানিয়েছে তারা।
এ অবস্থার মধ্যেই গণজাগরণ মঞ্চ থেকে ১৩ মার্চ চট্টগ্রামে সমাবেশ ডাকা হলে তা প্রতিহতের ঘোষণা দিয়ে হরতাল ও পাল্টা সমাবেশের ডাকে হেফাজতে ইসলাম।
উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম নগরীতে সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করে স্থানীয় প্রশাসন। সমাবেশ স্থগিত করে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময়ের প্রস্তাব দেয় গণজাগরণ মঞ্চ।
হেফাজতে ইসলামও তাদের বুধবারের হরতাল প্রত্যাহার করে নেয়, তবে জাগরণ মঞ্চের আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে অস্বীকৃতি জানায় তারা।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে হেফাজত নেতারা বলেন, চট্টগ্রামে গণমঞ্চের সমাবেশে নয়, তাদের আপত্তি ‘নাস্তিক ব্লগারদের’ নিয়ে।
