দুই নেত্রীকে নিয়ে সংলাপে আগ্রহী মিজান
দেশের কল্যাণে ও শান্তি বজায় রাখার স্বার্থে প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতার আলোচনায় বসার ব্যবস্থা করার আগ্রহ দেখিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
কমিশন প্রধান মিজানুর রহমান বৃহস্পতিবার সকালে বিশ্ব নারী দিবসের এক আলোচনায় বলেন, “সরকারি ও বিরোধী- দুই দলই আলোচনা চায়। সরকারি দলের সঙ্গে বিরোধীদলের নেত্রীও যুদ্ধাপরাধীদের বিচার চান। তারা আলোচনায় বসলে যুদ্ধাপরাধের বিচার সংশ্লিষ্ট প্রশ্নসহ সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে।”
মানবাধিকার কমিশন এই আলোচনার উদ্যোগ নিতে প্রস্তুত জানিয়ে মিজানুর রহমান বলেন, “তারা (দুই নেত্রী) চাইলে আমরা যে কোনো সময় আলোচনায় বসার ব্যবস্থা করতে পারি।”
আগামী নির্বাচন নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের মতপার্থক্য অবসানে সংলাপের কথা বলে আসছেন কূটনীতিক ও ব্যবসায়ীরা।
সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংলাপে তার দলের অনাপত্তির কথা জানান।
এর প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা বলেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতির দাবি সরকার মেনে নিলে তবেই সংলাপ হতে পারে।
অন্যদিকে আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, রাজনৈতিক সঙ্কটের অবসানে সংলাপে বসতে হলে বিএনপির উচিৎ জামায়াতে ইসলামীর সঙ্গ ছেড়ে আসা।
যুদ্ধাপরাধের বিচার বন্ধের জন্য বেশ কিছুদিন ধরেই সারা দেশে সহিংসতা চালিয়ে আসছে জামায়াতে ইসলামী। এক্ষেত্রে বিএনপিরও সমর্থন পেয়েছে তারা।
মিজানুর রহমান এ বিষয়ে বলেন, রাজনীতিতে এখন সহিংসতার নতুন রূপ দেখা দিয়েছে।
“এখন রাজনীতির মাঠে নারী ও শিশুদের সহিংসতার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।”
নারী ও শিশুদের এভাবে সহিংসতার মুখে ঠেলে না দেয়ার জন্যও সবার প্রতি আহ্বান জানান তিনি।
“আমরা রাজনীতির নষ্ট খেলায় মেতেছি। এ খেলা থেকে বিরত থাকুন,” বলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
অক্সফাম ও সেন্টার ফর গ্লোবাল চেঞ্জের সহযোগিতায় জাতীয় মানবাধিকার কমিশন ও ক্যাম্পেইন ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুড এ আলোচনার আয়োজন করে।
মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে মেহের আফরোজ চুমকি এমপি, সেন্টার ফর গ্লোবাল চেঞ্জের শারমিন নিলুরমি প্রমুখ বক্তব্য দেন।
