২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সংখ্যালঘু নির্যাতন: গ্রেপ্তারে সময় দুই সপ্তাহ

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার চন্দবাড়ি গ্রামের হিন্দু পরিবারের উপর নির্যাতনকারীদের দুই সপ্তাহের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 11:32 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

ন্যায়বিচার প্রার্থনা করে ফৌজদারি কার্যবিধিতে করা একটি আবেদনের শুনানি গ্রহণ করে বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ এই আদেশ দেয়।

আদালত একইসঙ্গে ওই ঘটনায় নির্যাতনের শিকার সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা কেন দেয়া হবে না, রুলে তা জানতে চায়।

স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, টাঙ্গাইলের পুলিশ সুপার এবং টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বাংলাদেশ মাইনরিটি ওয়াচের প্রেসিডেন্ট অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ আবেদনটি দায়ের করেন। দৈনিক সংবাদে প্রকাশিত একটি প্রতিবেদন সংযুক্ত করে আবেদনটি দায়ের করা হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, ‘টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার চন্দবাড়ি গ্রামের হিন্দু পরিবারের সদস্যরা একদল সন্ত্রাসী ও চাঁদাবাজের হাতে এখন জিম্মি। সরকারি দলের নাম ভাঙিয়ে নানা অত্যাচার-নির্যাতনের পর এখন তাদের গ্রামছাড়া করার পাঁয়তারা করছে।

‘অভিযোগে বলা হয়, পার্শ্ববর্তী হাটবৈরাণ গ্রামের ফারুখ, মনির, লতিফ ও শরীফ গত শনিবার পাড়ায় চড়াও হয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি এবং ১০ ঘণ্টার মধ্যে তা পরিশোধ না করলে সবাইকে গ্রামছাড়া এবং বউঝিদের উঠিয়ে নেয়ার হুমকি দিয়ে যায়।’

এতে আরো বলা হয়, চাঁদা না দেয়ায় ইতিপূর্বে তারা বাড়িঘরে হামলা চালিয়ে কয়েক দফা ভাঙচুর ও লুটপাট চালায়। বেশ কজনকে মারপিটও করে।

পরিবারের সদস্যরা গত রোববার বিকালে দলবেঁধে থানায় হাজির হয়ে জানমালের নিরাপত্তা চেয়ে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।