২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা মামলা: সওজের নির্বাহী প্রকৌশলী কারাগারে

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র মামলায় আত্মসমর্পণ করার পর তাকে কারাগারে পাঠিয়েছে আদালত

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 10:43 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিয়াজ আহমেদ বুধবার মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

অন্যদিকে এ মামলার তদন্ত কর্মকর্তা, দুদকের উপ পরিচালক মির্জা জাহিদুল আলম তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন।   

শুনানি শেষে বিচারক জামিন আবেদন খারিজ করে দেন এবং রিমান্ড আবেদন শুনানির জন্য ২৪ মার্চ দিন রাখেন।   

মোশাররফ হোসেন কাজল জানান, রিয়াজ আহমেদ এর আগে হাই কোর্টে জামিনের আবেদন করলে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করতে বলে।  

Image
ACC finds graft proof in Padma project

ACC finds graft proof in Padma project

কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি লাভালিনকে পদ্মা সেতুর পরামর্শকের কাজ পাইয়ে দিতে ‘ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের’ অভিযোগে গত ১৭ ডিসেম্বর বনানী থানায় সাত জনকে আসামি করে ওই মামলা করে দুদক।

রিয়াজ আহমেদ জাবের ছাড়াও সাবেক সেতুসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (নদী শাসন) কাজী মো. ফেরদৌস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্ট লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশে কানাডীয় পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ মোস্তফা, এসএনসি-লাভালিনের সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল, এই সংস্থার আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ ও সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেসকে এ মামলার আসামি করা হয়।

এ প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়নের কথা থাকলেও দুর্নীর অভিযোগ তুলে পরে তা স্থগিত করে। এ নিয়ে দীর্ঘ টানাপড়েনের পর গত জানুয়ারির শেষে সরকার জানিয়ে দেয়, এ প্রকল্পে বাংলাদেশ বিশ্ব ব্যাংকের অর্থ আর নিচ্ছে না।