২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাস ধর্মঘট প্রত্যাহার

মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতিকে লাঞ্ছিত করার প্রতিবাদে সিরাজগঞ্জে মঙ্গলবার রাত থেকে চলা বাস ধর্মঘট বুধবার রাতে প্রত্যাহার হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 05:25 AM

Updated : 25 Apr 2022, 06:28 PM

মোটর শ্রমিক ইউনিয়নের এক নেতার ওপর সন্ত্রাসী হামলার পর এই ধর্মঘট ডাকা হয়েছিল। হামলাকারীকে গ্রেপ্তারে পুলিশের আশ্বাস পাওয়ার পর কর্মসূচি প্রত্যাহার হয়। 

মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তাদের সভাপতি আব্দুল মজিদকে শহরের দিয়ারধানগড়া মহল্লার হযরত আলী নামের এক যুবক শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং হত্যার হুমকি দেয়।

এ ঘটনার পর রাতে জেলা বাস মালিক ও শ্রমিক সংগঠনের জরুরি সভায় ধর্মঘটের সিদ্ধান্ত হয়।

হযরত আলী এলাকায় ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত অভিযোগ করেন শ্রমিক নেতা আনছার।

সদর থানার ওসি রফিকুল ইসলাম খান বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ওই যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বুধবার সন্ধ্যায় এ নিয়ে প্রশাসনের উদ্যোগে বৈঠক হয়। আনছার আলী জানান, ৭২ ঘণ্টার মধ্যে হযরতকে গ্রেপ্তারের আশ্বাস মেলার পর ধর্মঘট প্রত্যাহার হয়।