২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে রাজধানীতে দুই বাসে আগুন

বিএনপি ও ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীর খিলক্ষেত ও যাত্রাবাড়ীতে দুটি বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 11:34 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হরতালকারীরা খিলক্ষেতে পল্লী বিদ্যুত কার্যালয়ের একটি স্টাফ বাসে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসটি পল্লী বিদ্যুত অফিসের সামনেই দাঁড়ানো ছিল। দুর্বত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।”

এর আগে সকাল ১০টার দিকে সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির একটু দূরে ঢাকা-গাইবান্ধা রুটের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা।

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক এমরানুল ইসলাম বিডিনিউজকে জানান, “সেখানে দাঁড় করিয়ে রাখা অবস্থাতেই বাসটিতে আগুন দেয়া হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”    

এদিকে পুরান ঢাকার পাটুয়াটুলি এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে ১০/১২ জন শিবিরকর্মীর একটি দল ঝটিকা মিছিল বের করলে পুলিশ ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ঘটনাস্থল থেকে আরিফুল ইসলাম (২২) নামের এক শিবিরকর্মীকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।

থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, আটক শিবির কর্মী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

হরতাল সমর্থকরা সকাল ৭টার দিকে রায়সাহেব বাজার মোড়েও চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।