২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি অফিসে তল্লাশি যৌক্তিক কারণে: স্বরাষ্ট্র মন্ত্রী

নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযান ‘যৌক্তিক’ ছিল বলে দাবি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 09:21 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

মঙ্গলবার সচিবালয়ে স্বারষ্ট্র মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন।

তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল বিএনপি কার্যালয়ে পুলিশি অভিযান চালিয়ে নেতা-কর্মীদের গ্রেপ্তার করা যৌক্তিক কি না? জবাবে তিনি বলেন, “দেশের প্রচলিত আইন অনুযায়ী দুষ্কৃতকারীদের প্রতিহত করতে বা গ্রেপ্তার করতে দেশের যে কোন স্থানে যাওয়ার বা প্রবেশ করার অধিকার রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী”

“রাজনৈতিক বা অরাজনৈতিক গোষ্ঠী হরতালের নামে কোথাও বোমা মজুদ করলে বা বোমা ফেলার স্পর্ধা দেখায় তাহলে দেশের নিরাপত্তা বাহিনী তাদের বিরুদ্ধে সর্বাত্মক পদক্ষেপ নিবে, যে পদক্ষেপ গত সন্ধ্যায় নেয়া হয়েছে।”

সোমবার বিকালে বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশের শেষ দিকে হঠাৎ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এর পরপরই বিএনপি কর্মীরা পুলিশের দিকে ঢিল ছুড়তে থাকে এবং সমাবেশ পণ্ড হয়ে যায়। তাৎক্ষণিকভাবে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর ঘণ্টাখানেক পর বিএনপি কার্যালয় থেকে ফখরুল, সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, রুহুল কবির রিজভী, জয়নুল আবদিন ফারুকসহ শতাধিক নেতা-কর্মীকে আটক করে পুলিশ। কার্যালয়ে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি হাতবোমা উদ্ধারের কথা জানায়।

দরজা ভেঙ্গে পুলিশের অভিযান প্রসঙ্গে জানতে চাওয়া হলে মহীউদ্দীন খান আলমগীর বলেন, “ওখানে যদি দরজা বন্ধ করে বোম মজুদ করে রাখেন, পুলিশ কী করবে, পুলিশের অধিকার রয়েছে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার।”

মঙ্গলবারের হরতাল সফল হয়নি দাবি বলে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, “আমরা প্রত্যক্ষ করেছি অনৈতিক ও অপ্রয়োজনীয় হরতাল ডেকে তারা ঘরের ভেতর বসে রয়েছে, তাদের কিছু গুণ্ডাপাণ্ডা ও কর্মীদের দিয়ে যানবাহন বিনষ্ট করতে প্রলুদ্ধ করেছেন, নৈতিকবতা বর্হিভূতকাজে এ ধরনের হরতাল জনসমর্থন পায় না।”

পুলিশের হাতে আটক হওয়ার ১৯ ঘণ্টা পর মুক্তি দেয়া হয় ফখরুল ইসলাম আলমগীর, সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে।তবে বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে ঘোষণা দেয়া হয়েছে, নেতাকর্মীদের মুক্তি না দিলে ১৮-১৯ হরতাল করা হবে।

এ বিষয়ে জানতে চাইল স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, “আল্টিমেটাম যতই দেয়া হোক, যারা দুষ্কৃতি করে তাদের কোন ছাড় দেয়া হবে না, দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”

‘আশঙ্কায় কাউন্সিল বাতিল’

যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নেয়ায় বিএনপি তরুণ প্রজন্মের তোপের মুখে পড়ার আশঙ্কায় হরতাল আহ্বান করে বিএনপি কাউন্সিল বাতিল করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

টুকু বলেন, “বিএনপি তৃনমূল কর্মীরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তারা কাউন্সিল যুদ্ধাপরাধীদের বিচারের দাবি তুলতে পারত, এ দাবির সাথে তারা থাকত না, এ ধরনের আশঙ্কা থেকে তারা কাউন্সিল বাতিল করেছে।”

আগামী ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের কথা থাকলেও সোমবার রাতে তা স্থগিত করা হয়। বিএনপির সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০০৯ সালের ৮ ডিসেম্বর।