২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মামলায় আসামি ‘হচ্ছেন’ জোট নেতারা

নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ১৮ দলীয় জোটের আটক নেতাকর্মীদের আসামি করে দুটি মামলা করবে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 06:21 AM

Updated : 25 Apr 2022, 06:28 PM

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) গাজী রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পল্টন থানায় মামলা দুটি দায়ের করার প্রস্তুতি চলছে।

“এর মধ্য একটি হবে দ্রুত বিচার আইনে। পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে হবে অন্য মামলাটি।”

মামলায় আসামির তালিকায় কে কে থাকছেন- তা স্পষ্ট না জানালেও রবিউল ইসলাম বলেন, সোমবার বিএনপি কার্যালয় থেকে যাদের আটক করা হয়েছে তাদের নাম উল্লেখ করে আরো ৪০/৫০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হচ্ছে। 

সোমবার বিকালে বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশের শেষ দিকে হঠাৎ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এর পরপরই বিএনপি কর্মীরা পুলিশের দিকে ঢিল ছুড়তে থাকে এবং সমাবেশ পণ্ড হয়ে যায়। তাৎক্ষণিকভাবে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর ঘণ্টাখানেক পর বিএনপি কার্যালয় থেকে ফখরুল, সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, রুহুল কবির রিজভী, জয়নুল আবদিন ফারুকসহ শতাধিক নেতা-কর্মীকে আটক করে পুলিশ। কার্যালয়ে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি হাতবোমা উদ্ধারের কথা জানায়।

গাজী রবিউল ইসলাম জানান, সোমবার নয়া পল্টন থেকে ১৮ দলীয় জোটের ১৫৫ নেতাকর্মীকে আটক করা হয়, যাদের মধ্যে জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মীও রয়েছেন।

এদের মধ্যে থেকে কাউকে ছেড়ে দেয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “এখনো যাচাই বাছাই চলছে। মামলা হওয়ার আগে কিছু বলা যাচ্ছে না।”

মামলা হওয়ার পর আটক নেতাকর্মীদের আদালতে হাজির করা হবে বলেও পুরিশ কর্মকর্তারা জানিয়েছেন।

পুরনো খবর:

বিএনপি কার্যালয় থেকে শীর্ষনেতাদের আটক
বিএনপি কার্যালয়ে বোমা পেয়েছে পুলিশ