সীতাকুণ্ডে ট্রাকে আগুন, শান্ত বন্দরনগরী
চট্টগ্রামে হরতালের শুরুতে সীতাকুণ্ডে একটি ট্রাকে আগুন দেয়া হয়েছে। নগরীতে ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে ঢিলেঢালাভাবে।
নগরীতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন এলাকায় খণ্ড মিছিল-সমাবেশ করলেও কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল থেকে নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপি।
নগরীর বিভিন্ন সড়কে বড় যানবাহন দেখা না গেলেও অটোরিকশা, টেম্পো, হিউম্যানহলারসহ বিভিন্ন ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সকালে নগরী থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে না গেলেও রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাক আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “সকালে নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ও ভাংচুরের খবর পাওয়া যায়নি।”
