সাম্প্রদায়িক হামলা: জামায়াত নেতা-কর্মীদের গ্রেপ্তার দাবি
হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-মন্দিরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে জড়িত জামায়াত নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আইনজীবী ঐক্য পরিষদ।
সোমবার ঢাকার জজকোর্ট প্রাঙ্গণে সংগঠনের এক মানবন্ধন থেকে এ দাবি জানান নেতারা।
মানববন্ধনে সংগঠনের সভাপতি সুনীল রঞ্জন বিশ্বাস বলেন, একটি স্বাধীন দেশে জামায়াতের কর্মীরা যেভাবে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দিয়েছে তা কল্পনাতীত।
“জাতির কাছে আমাদের প্রশ্ন, একটি স্বাধীন দেশে আমরা কি নিরাপত্তা পাব না? যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে অবিলম্বে তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করুন।”
একইসঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের যেসব লোকের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান এই আইনজীবী।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি কাজী নজিবুল্লাহ হীরু, আইনজীবী কিশোর রঞ্জন মণ্ডল ও আইনজীবী শ্যামল কান্তি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালীতে হিন্দুদের বাড়িঘর-মন্দিরে হামলার প্রতিবাদে কালো পতাকা নিয়ে মিছিল-সমাবেশ ও মানববন্ধন করেছে উপজেলার হিন্দু সম্প্রদায়।
সোমবার দুপুরে উপজেলা সদরে এ কর্মসূচি পালন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপিও দেন তারা।
স্মারকলিপিতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ওই হামলার ঘটনায় এলাকার চিহ্নিত উগ্রবাদী বিভিন্ন রাজনৈতিক দলের কতিপয় নেতা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কতিপয় কর্মকর্তা-কর্মচারি সরাসরি জড়িত ছিল।
এতে আরো বলা হয়, ‘ওইদিন সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছিল। হামলাকারীরা গান পাউডার, ডিজেল, পেট্রল, অকটেন ও বিভিন্ন দাহ্য পদার্থ দিয়ে সংখ্যালঘুদের বিভিন্ন স্থাপনা পুড়িয়েছে এবং ভাংচুর করেছে।”
তারা মহিলাদের নির্যাতন করে দেশছাড়া করা হুমকিও দিয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
‘তাদের হামলায় শিশু ও মহিলাসহ হিন্দু সম্প্রদায়ের প্রায় ১৭০ জন আহত হয়েছে। তারা দয়াল হরি সুশীল (৬৫) নামের এক বৃদ্ধকে হত্যা করেছে।’
বাঁশখালী পৌরসভার কাউন্সিলর দিলীপ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের উপাধ্যক্ষ স্বামী রামানন্দ পুরী মহারাজ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্যামল দাশ, পূজা উদযাপন পরিষদের সভাপতি রানা কুমার দেব, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার কারণ ও অধ্যাপক অসীম চক্রবর্তী।
