২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে অগ্নিদগ্ধ এক জনের মৃত্যু

বিএনপি-জামায়াতের ডাকা হরতালে মঙ্গলবার পিকেটারদের পেট্রোল বোমায় দগ্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 12:49 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

রোববার রাতে তার মৃত্যু হয়। সোমবার বিকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে আব্দুল হামিদের মরদেহ বাড়িতে নেয়া হয়।

আব্দুল হামিদ নেত্রকোনা সদর উপজেলার শালজান গ্রামের বাসিন্দা।

নেত্রকোনা মডেল থানার ওসি আজিজুর রহমান বলেন, আব্দুল হামিদকে তার বড়ভাই বিএনপি নেতা সুরুজ আলী রোববার রাতে নিজ জিম্মায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে বাড়ি নিয়ে যাচ্ছিলেন।

পথে আব্দুল হামিদের মৃত্যু হয় বলে ওসি জানান।

হামিদের ভাই স্থানীয়  ওয়ার্ড বিএনপির সভাপতি সুরুজ আলী বলেন, হামিদের শরীরে স্যালাইন চলছিল না। তিনি অচেতন অবস্থায় ছিলেন। বাঁচার কোনো আশাই ছিল না। তাই পারিবারিক সিদ্ধান্তে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়।

হামিদ বলেন, “আমার ভাইয়ের ঘাতকরা বিএনপি, যুবদল ও ছাত্রদল করলেও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি।”

আব্দুল হামিদের ভাগ্নে রোকন মিয়া বলেন, মঙ্গলবার হরতালের দিন সকাল সাড়ে ১০টার দিকে কয়েকজন যুবদল ও ছাত্রদলকর্মী শহরের আখড়ার মোড়ে একটি যাত্রীবাহী অটোরিকশায় পেট্রোল বোমা মারে।

এতে আব্দুল হামিদ ও উলুয়াটি গ্রামের মস্তু মিয়া দগ্ধ হন। তাদেরকে প্রথমে নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে এবং পরে ঢাকায় পাঠানো হয়।