১১ মার্চ গণমাধ্যমে ধর্মঘট স্থগিত
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডে বিচার দাবিতে সোমবারের গণমাধ্যমে ধর্মঘট কর্মসূচি স্থগিত করে করেছে আন্দোলনরত সাংবাদিক সংগঠনগুলো।
তবে জাতীয় প্রেস ক্লাবের সমানে সোমবার সকাল ১১টায় পূর্ব ঘোষিত সমাবেশ হবে।
রোববার ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আবদুস শহিদ।
তিনি বলেন, অনিবার্য কারণে পূর্ব ঘোষিত সোমবার গণমাধ্যমের ২৪ ঘণ্টার ধর্মঘটের যে কর্মসূচি আহবান করা হয়েছিলো, তা স্থগিত করা হয়েছে। তবে পূর্ব ঘোষিত সমাবেশটি যথারীতি হবে।
শহীদ জানান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাবে চার সংগঠনের নেতদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। গত এক বছরে এ হত্যা রহস্যের কোনো কিনারা করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ হত্যা মামলায় এ পর্যন্ত আট জনকে গ্রেপ্তার করা হলেও ‘প্রকৃত’ খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে সাংবাদিকদের সংগঠনগুলো।
এ দাবিতে গত ২৩ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন পালন করে তারা। এরপর ১ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করে সংগঠনগুলো। সেখান থেকেই এ মহাসমাবেশের ঘোষণা দেয়া হয়।
