দরিদ্রদের পাশে দাঁড়ানোয় ‘হয়রানি’
গ্রামের দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের রোষনলে পড়ার অভিযোগ করেছেন রংপুরের গোলাম রব্বানী।
তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুশা ইউনিয়নের রহিমাপুর গ্রামের এই যুবক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার বিরুদ্ধে নানা হয়রানিমূলক ঘটনার বর্ণনা দেন। এলাকার লোকজনও তার সামাজিক কর্মকাণ্ডের কথা বলেন।
তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তারাগঞ্জ থানা পুলিশ গোলাম রববানীর এসব অভিযোগ অস্বীকার করেছে।
রব্বানী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করে ২০১০ সালে তিনি রহিমাপুর গ্রামে গড়ে তোলেন ‘সমতা সমাজ উন্নয়ন সংস্থা’ নামে একটি সামাজিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে তিনি ইউনিয়নের রহিমাপুর, মণ্ডলপাড়া, জলুবার, নারায়ণজন ও নদীপাড় গ্রামের কয়েকহাজার দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তাদের ছেলেমেয়েদের লোখাপড়ায় সহায়তা, চিকিৎসাসহ নানা সুবিধা দিচ্ছেন।
এছাড়া এলাকার জনপ্রতিনিধিদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে এলাকার লোকজনকে সহায়তা দিচ্ছেন, দাবি করেন রব্বানী।
তিনি বলেন, এ কারণে গত তিন বছরে তার বিরুদ্ধে আটটি সাজানো মামলা দিয়ে হয়রানি করছেন এলাকার চেয়ারম্যান কুমারেশ রায়।
বিষয়টি সরেজমিন দেখতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি শাহজাদা মিয়া আজাদ রহিমাপুর গ্রামে যান।
এলাকার লোকজন জানান, দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষা সহায়ক প্রকল্পের আওতায় এনে তাদের লোখাপড়া, বই, খাতা-বলম দিচ্ছে সমতা সমাজ উন্নয়ন সংস্থা। বর্তমানে ১৫০ জন ছেলেমেয়ে নিয়মিত সংগঠনের কার্যালয়ে এসে লোখাপড়া করে। এজন্য ১২ জন শিক্ষক নিয়োগ করেছে সংগঠনটি। এছাড়া প্রতি সপ্তাহে একজন এমবিবিএস চিকিৎসক দিয়ে দরিদ্র পরিবারের চিকিৎসা এবং অতিদরিদ্রদের বিনামূল্যে ওষুধ দেয়া হয়।
তারা জানান, ভূমিহীন ক্ষেতমজুর সমিতির নামে ইউনিয়ন পরিষদের দেড় একরের একটি পুকুর তিন বছরের জন্য ইজারা নিয়ে তার সংলগ্ন ব্যক্তিমালিকানাধীন আরো দেড় একর জমি ইজারা নিয়ে পুকুর তৈরি করেছে সমতা সমাজ উন্নয়ন সংস্থা। এরপর সেখানে মাছ চাষ করা হচ্ছে। এর আয় সমিতির সদস্যদের মাঝে সমানভাবে বন্টন করা হয়।
তাদের অভিযোগ, আগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বারদের কাছ থেকে টাকার বিনিময়ে ভিজিডি ও ভিজিএফ কার্ড নিতে হতো। কিন্তু সমতা সমাজ উন্নয়ন সংস্থার কারণে এখন আর টাকা লাগে না।
বিপদে-আপদে এলাকার মানুষ সমতা সমাজ উন্নয়ন সংস্থায় ছুটে যায়। এসব কারণে এলাকাবাসীর কাছে সংগঠনটির গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
গোলাম রব্বানী বলেন, ইউপি চেয়ারম্যান তার লোক দিয়ে গত তিন বছরে রব্বানীর বিরুদ্ধে আটটি মামলা করিয়েছেন। এর ধারাবাহিকতায় গত ১৪ ফেব্রুয়ারি উপজেলার হাড়িয়ারকুঠি নদীরপাড় গ্রামের নুরজাহান বেগমকে দিয়ে রব্বানীসহ ১২ গ্রামবাসীর বিরুদ্ধে আরেকটি মামলা করান।
এই মামলায় ২৫ ফেব্রুয়ারি রব্বানীকে গ্রেপ্তার করতে গেলে বাধা দেয় এলাকাবাসী।
এ সময় পুলিশ এলাকার নারী পুরুষকে ব্যাপক মারধর, ভাঙচুর ও লুটপাট চালায় বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় ব্যবসায়ী আনিছুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ওইদিন গ্রামের ঘরে ঘরে ঢুকে যাকে পেয়েছে তাকেই বেধড়ক পিটিয়েছে।
গ্রামের সালেহা বেগমের অভিযোগ, অভিযানের সময় পুলিশ তার ঘরে ঢুকে ছয় হাজার টাকা নিয়ে গেছে।
জালাল উদ্দিনের অভিযোগ, তার নিয়ে গেছে সাত হাজার টাকা।
গ্রেপ্তারর পর জামিনে মুক্ত হওয়া গৃহবধূ ববিতা বেগম বলেন, “ওইদিন (২৫ ফেব্রুয়ারি) বাইরোত পুলিশের সঙ্গে কার কী হইচে তাক মুই জানো না। সানজোত (সন্ধায়) ঘরোত বসি ছইলটাক (ছেলেটাকে) বুকের দুধ খিলাওচো এমন সমায় পুলিশ ঘরোত ঢুকিয়ায় মোক নাটি দিয়া ডাংবার ধরচে। ওরা (পুলিশ) জোর করি মোর দেড় বছরের ছইলটাকসুদ্দা (সহ) গাড়িত তুলি নিয়া গেইচে। ছয়দিন জেল খাটার পর ছাড়া পাছি।
“সাত দিন থাকি স্বামীর দ্যাকা পাও নাই। তায় পুলিশের ভয়োত কোনটে আছে আল্লায় জানে,” বলেন ববিতা।
রহিমাপুরের ভ্যানচালক আবেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমতা হামার চোখ-কান খুলি দেচে। মোর দুই বেটি স্কুলোত যায়। তামাক বই, খাতা-কলম সউগে কিনি দেচে। হামরা বিনা পাইসায় ওষুধ পাই। চেয়ারম্যান-মেম্বাররা জোট বাঁধি সমতা (সমিতি) বন্ধ করি দেওয়ার জন্যে রব্বানীর নামে মিছা মামলা কচ্চে। পুলিশ ধরব্যার আলচিলো, হামরা দেই নাই।”
হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুমারেশ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রব্বানী এলাকায় ভালো কাজ করছে বুঝলাম। কিন্তু সেই কাজটা চেয়ারম্যান-মেম্বারদের নিয়ে করলে ক্ষতি কী?”
তিনি আরো বলেন, “আসলে ব্বানীর কর্মকাণ্ড ভালো নয়। সমাজ উন্নয়নের নামে তিনি সন্ত্রাসী বাহিনী তৈরি করে অপকর্ম চালাচ্ছেন।”
তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুনেছি রব্বানী সমাজ উন্নয়নের নামে কিসব কাজ করছেন। তার বিরুদ্ধে মামলা হওয়ায় তাকে গ্রেপ্তার করতে গেলে এলাকাবাসী বাধা দেয়। আমরা নয় জনকে গ্রেপ্তার করেছি।”
তবে পুলিশ কারো বাড়িতে হামলা, কাউকে মারপিট কিংবা কারো টাকা লুট করেরি বলে তিনি দাবি করেন।
পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি শুনেছি। খতিয়ে দেখা হচ্ছে।
